চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা ও গোবিন্দহুদা গ্রামে গতকাল রোববার দলছুট একটি হনুমানের কামড়ে নারী-শিশুসহ ৪০ জন আহত হয়েছে। হনুমানটি ১১টি গরুকেও কামড় দিয়ে ক্ষতবিক্ষত করেছে। পরে বন্দুকধারী দুই যুবলীগের নেতার সহযোগিতায় হনুমানটিকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়।
গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হনুমানের কামড়ে আহত চিতলা গ্রামের আজগার আলী (৪৫) জানান, সকাল আটটার দিকে পাগলা হনুমানটি চিতলা গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী আছিয়াকে কামড় দেয়। এরপর পর্যায়ক্রমে ওই গ্রামের আয়েশা খাতুন (২৫), আশরাফ আলী (৩৫), কমল হোসেন (২৮), রোউজান (৪০), জাহিদা (৩৫); গোবিন্দহুদা গ্রামের জেসমিন খাতুন (২২), সুমন হোসেন (২৬) ও ছমিরন নেছাসহ (৭০) প্রায় ৪০ জনকে কামড় ক্ষতবিক্ষত করে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইউএনও ফরিদুর রহমান ও প্রাণিসম্পদ কর্মকর্তা আ হা ম শামীমুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। অবস্থা বেগতিক হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় গ্রামবাসী হনুমানটিকে গুলি করে হত্যার দাবি তুললে পুলিশের পক্ষ থেকে অপারগতা প্রকাশ করা হয়।
পরে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম বিষয়টি চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগারকে জানান। বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা থেকে যুবলীগের চার নেতা চারটি বন্দুক নিয়ে ঘটনাস্থলে যান। এরপর গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে হনুমানটিকে ধাওয়া করেন। হনুমানটি চিতলা গ্রামের আবদুর রাজ্জাকের তেঁতুলগাছের মগডালে উঠে আশ্রয় নেয়। একপর্যায়ে যুবলীগের নেতা মো. স্বপন আলী তাঁর ব্যক্তিগত বন্দুক দিয়ে পর পর তিনটি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হনুমানটি মাটিতে পড়ে যায়। এরপর গ্রামবাসী পিটিয়ে এটিকে হত্যা করেন।
সিরাজুল আলম দাবি করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সাংসদকে না জানালে আরও বেশি গ্রামবাসী আক্রান্ত হতেন। চিতলা গ্রামের আসলাম আলী (৩৫) জানান, দলছুট হনুমানটি প্রায় আড়াই বছর ধরে চিতলা ও আশপাশের গ্রামে অবস্থান করছে। গ্রামবাসীই হনুমানটিকে খেতে দিতেন। প্রায় দুই সপ্তাহ আগে চিতলা গ্রামের আবদুল মজিদের বাড়িতে একটি কুকুরের বাচ্চাকে নিয়ে খেলার সময় মা-কুকুর ওই হনুমানকে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে।
আ হা ম শামীমুজ্জামান জানান, হনুমানটি কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে পড়ায় পাগল হয়ে যায় এবং মানুষকে উপর্যুপরি কামড় দেয়। হনুমান যাদেরকে কামড় দিয়েছে, তাদেরও উপযুক্ত চিকিৎসা দেওয়া প্রয়োজন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা আটজনকে ‘অ্যানিমেল বাইট’ বিষয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।