চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গত দুই দিনে হিট স্ট্রোকে নারীসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। জেলার ওপর দিয়ে এক সপ্তাহ ধরে চলা তাপদাহের কারণে শিশুরা ব্রংকিউলাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, হিট স্ট্রোকে গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার বেলগাছি গ্রামের শাহজাহান আলী (৭৫) ও শান্তিপাড়ার ফজের আলী (৪০) এবং বৃহস্পতিবার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আবদুর রাজ্জাক (৬৫) ও খয়েরহুদা গ্রামের খোদেজা বেগমের (৬০) মৃত্যু হয়।সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গতকাল ১৩ শয্যার বিপরীতে অন্তত ৫২টি শিশু ভর্তি ছিল। হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর গরমের তীব্রতা বৃদ্ধি পেলে শিশুরা টাইফয়েড, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হতে থাকে। এ সময় শিশুদের আলাদা রাখার পাশাপাশি ঘেমে গেলে ভিজে কাপড় দিয়ে গা মুছতে হবে। এ ছাড়া বেশি করে পানি খাওয়াতে হবে। বুকের দুধ ছাড়া অন্য কোনো ধরনের দুধ খাওয়ানো যাবে না। বাসি খাবার দেওয়া যাবে না।সিভিল সার্জন খন্দকার মিজানুর রহমান বলেন, ‘জেলার সব হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যশিক্ষা দেওয়া হচ্ছে। গরমজনিত রোগের হাত থেকে শিশুদের রক্ষায় বেশি করে পানি ও স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। খাবার স্যালাইন না থাকলে শিশুদের লবণ ও পানি পান করাতে হবে। এ ছাড়া শিশুরা অসুস্থ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে।’