চুয়াডাঙ্গায় ১০ এপ্রিল থেকে পরিবহন ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, করিমন, আলমসাধু বন্ধসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য ৯ এপ্রিল পর্যন্ত সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে সংগঠনটি ১০ এপ্রিল থেকে চুয়াডাঙ্গা থেকে রাজধানীসহ সব পথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করার হুমকি দিয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ হুমকি দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। তাঁদের দাবিগুলো হলো চুয়াডাঙ্গা জেলায় বাস চলাচলকারী পাঁচ সড়কে অবৈধ যান নছিমন, করিমন, আলমসাধু ও তিন চাকার যান (থ্রি হুইলার) চলাচল বন্ধ; তিন চাকার যান চলাচল করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিবন্ধন, রুট পারমিট ও ফিটনেস নিয়ে অনুমোদিত পথে চলাচল এবং ৪ এপ্রিল জীবননগরে বাসশ্রমিকদের মারধর করার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা। জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন জানান, গত মাসে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অবৈধ যান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর চলাচল বন্ধ করার জন্য শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।