চুয়াডাঙ্গায় ১২ দিনের ব্যবধানে ফের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার পৌর এলাকা থেকে আবারও অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটায় হাজরাহাটি গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে সদর থানার পুলিশ। নিহত যুবকের মাথা, কপাল ও গলায় বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা এলাকার বাইরে খুন করে লাশটি বাগানে ফেলে গেছে। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত এ বাগানটির মালিক আইনজীবী শওকত মাহমুদ।

সরেজমিনে দেখা গেছে, নিহত যুবকের পরনে নীল রঙের জিনস প্যান্ট ও গায়ে ফুলহাতা শার্ট রয়েছে।

চলতি মাসের ১ তারিখ পৌর এলাকার রূপালী পাড়ার (সরকারি ছাগল খামারের পেছনে) একটি আমবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাঁর পরিচয় না মেলায় একদিন পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।

 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় জানতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।