চুয়াডাঙ্গায় চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ না পাওয়ায় সব প্রস্তুতি সত্ত্বেও দুই হাজার ৬০০ হেক্টর জমিতে তুলা চাষ করা সম্ভব হচ্ছে না। সরকার অনুমোদিত বেসরকারি দুটি বীজ বিপণনকারী প্রতিষ্ঠান তাদের প্রতিশ্রুত বীজ সরবরাহ না করায় এ সংকটের সৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে এ জেলায় এক হাজার ৩০০ হেক্টরে দেশি ও ১৫০ হেক্টরে হাইব্রিড জাতের তুলা আবাদ হয়। ওই সময়ে সরকার অনুমোদিত তুলাবীজ বিপণনকারী প্রতিষ্ঠান সুপ্রিম সিড কোম্পানি ও ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি (লাল তীর) কৃষকদের হাইব্রিড জাতের তুলা উৎ পাদনে আগ্রহী করে তোলে।চলতি মৌসুমে তুলা উন্নয়ন বোর্ড তিন হাজার ৬০০ হেক্টরে দেশি ও ৯০০ হেক্টরে হাইব্রিড জাতের তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ২৪ জুলাই পর্যন্ত ৩০০ হেক্টরে দেশি ও ৬০০ হেক্টরে হাইব্রিড জাতের তুলার আবাদ করা হয়েছে। তবে হাইব্রিড তুলাচাষির সংখ্যা বাড়ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী কৃষকেরা আরও দুই হাজার ৬০০ হেক্টরে হাইব্রিড তুলা চাষে আগ্রহী। কিন্তু বীজ সরবরাহ না থাকায় আর হাইব্রিড তুলা চাষ করা সম্ভব হচ্ছে না। এখনো মৌসুমের এক মাস বাকি থাকলেও বীজ সরবরাহ পাওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের কৃষক আবদুল মতিন জানান, হাইব্রিড বীজ কোম্পানি ও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শে ১১ বিঘা জমি তিনি প্রস্তুত করে রেখেছেন। কিন্তু এখন বীজ মিলছে না; আদৌ মিলবে কি না, তাও কেউ বলতে পারছে না। আলোকদিয়া তুলা ইউনিট কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ বছরের ৩০ জুন পর্যন্ত কৃষকদের সঙ্গে আলাপ করে ৩০০ কেজির চাহিদা নিরূপণ করা হয়। জুলাইতে এসে কৃষকদের চাহিদা বেড়ে দাঁড়ায় ৫০০ কেজিতে। অথচ কোম্পানি সরবরাহ করেছে মাত্র ১০০ কেজি বীজ। একই কথা জানালেন হেমায়েতপুর ইউনিট কর্মকর্তা সুলতান আহমেদ। তিনি আরও জানালেন, ইউনিট কার্যালয়ে বিপুল পরিমাণ স্থানীয় জাতের বীজ থাকলেও কৃষকদের সেদিকে আগ্রহ নেই।সুপ্রিম সিড কোম্পানির কনিষ্ঠ কর্মকর্তা (বিক্রয়) জাহিদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, চীন থেকে কোম্পানি ১২ হাজার কেজি বীজ আমদানির উদ্যোগ নিলেও ছয় হাজার কেজি পাওয়া গেছে। যার কারণেই এ সংকট। চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন কর্মকর্তা এনামুল কবীর বলেন, দেশি বীজের কোনো সংকট নেই। কোম্পানি দুটি থেকে জানানো হয়েছে, চীন থেকে যদি বীজ আসে তা হলে কৃষকেরা পাবেন। অন্যথায় পাওয়া যাবে না।