চুয়াডাঙ্গায় ৫০০ চাতাল বন্ধ, ১০ হাজার শ্রমিক বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় চালের মোকামগুলোয় প্রায় ৫০০ চাতাল বন্ধ হয়ে গেছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব চাতালে কয়েক হাজার টন ধান সেদ্ধ অবস্থায় পচে নষ্ট হচ্ছে। চাতালগুলোয় উৎপাদন বন্ধ থাকায় প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।চুয়াডাঙ্গার প্রধান চালের মোকাম জীবননগর, আলমডাঙ্গা, দামুড়হুদা এবং সদর উপজেলার বদরগঞ্জ ও সরোজগঞ্জে গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।জেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, চারটি উপজেলায় খাদ্য বিভাগের তালিকাভুক্ত চালকল ও চাতালের সংখ্যা ২৫০। নিবন্ধনের বাইরেও রয়েছে সমানসংখ্যক চাতাল। এসব চাতালের প্রতিটিতে ১০ থেকে ৩০ জন পর্যন্ত শ্রমিক কাজ করেন। বেশির ভাগ চাতালেই স্বামী-স্ত্রী উভয়েই শ্রমিক হিসেবে কাজ করেন। মালিকদের পাশাপাশি তাই এসব শ্রমিকও বিপাকে পড়েছেন।চাতাল ও চালকল মালিকেরা জানান, প্রতিটি চাতালেই বিপুল পরিমাণ ধান ভেজা ও সেদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টির কারণে সেদ্ধ ধান শুকানো যাচ্ছে না। এগুলো স্তূপ করে পলিথিন ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। হাউসে ভেজা ও চাতালে ঢাকা অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকায় ইতিমধ্যে ধানের ভেতরের চাল পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। বৃষ্টি বন্ধের পর এসব ধান শুকানো হলেও চালের রং ও গন্ধের কারণে তা মানুষের খাওয়ার অনুপযোগী হবে এবং পশুখাদ্য হিসেবে বিক্রি করতে হবে।চাতালনির্ভর চাল ব্যবসায়ীদের অবস্থাও খুবই খারাপ। অনেকেই পুঁজি ভেঙে খরচ করতে শুরু করেছেন। ব্যবসায়ী সমিতির মতে, এই বর্ষায় ২৫ থেকে ৩০ ভাগ চাতাল, চালকল ও চালের ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসবেন।সরোজগঞ্জ মোকামের চাতাল-মালিক জহুরুল ইসলাম জানান, তাঁর চাতালে ১৫০ মণ সেদ্ধ ধান শুকানোর অপেক্ষায় পড়ে আছে। ভেজানো আছে প্রায় সমপরিমাণ ধান। এই বর্ষায় তাঁকে অন্তত ৫০ হাজার টাকা লোকসান গুনতে হবে। চাতাল-শ্রমিক একুব্বার হোসেন (৪০) জানান, তিনি এবং তাঁর স্ত্রী আরা খাতুন (৩২) চুক্তিতে ধান সেদ্ধ, শুকানো ও চাল বানানোর কাজ করেন। চাল বানানো হলে তাঁরা টাকা পান। তাঁদের উপার্জিত টাকায় চার সন্তানসহ ছয়জনের সংসার চলে। বর্ষণের কারণে আষাঢ় মাসের শুরু থেকে তাঁরা বেকার। প্রতিদিনই চাতাল-মালিকের কাছ থেকে আগাম ঋণ নিয়ে খরচ করছেন। অন্য চাতাল-শ্রমিকদেরও একই অবস্থা।জেলা চালকল মালিক সমিতির সভাপতি এম আবদুল্লাহ শেখ বলেন, এ জেলায় সব মিলিয়ে প্রায় ৫০০ চাতাল রয়েছে। এসব চাতালে এখন পুরোদমে ধান সেদ্ধ, শুকানো ও চাল তৈরির কথা। কিন্তু পয়লা আষাঢ় থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে চাতাল ও চালকলের মালিক ও ব্যবসায়ীরা মহা বিপাকে পড়েছেন। চাল উৎপাদনের পাশাপাশি তৈরি চালের বেচাকেনাও কমে গেছে। বৃষ্টির কারণে ট্রাকে চাল ভরতে না পারায় ক্রেতারা আসছেন না।