চুয়াডাঙ্গায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করে। ছবি: ফোকাস বাংলা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করে। ছবি: ফোকাস বাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের কানাইবাবুর আমবাগানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী বোয়ালমারী গ্রামের জুরুন আলীর ছেলে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানের ভাষ্য, আবুল কাশেম বোয়ালমারী গ্রামের আকবর আলী অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর নামে চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগ রয়েছে। আবুল কাশেমের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার দাবি করেন, সন্ত্রাসীদের একটি গ্রুপ কানাইবাবুর আমবাগানে গোপন বৈঠক করছে—এমন খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে পর পর চারটি বোমা ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের পাঁচটি গুলি ছোড়ে। সন্ত্রাসীরা পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায়। পরে পুলিশ সেখান থেকে আবুল কাশেমের মৃতদেহ, একটি দেশি বন্দুক, পাঁচটি গুলি ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করে।
এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।
গত সোমবার রাজধানীর কদমতলীতে বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওয়াসিম আলী (৫০) ও সংগ্রাম চৌধুরী (৪৫) নিহত হন। সাভারে গত রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একজন। তাঁর পরিচয় জানা যায়নি।