চুয়াডাঙ্গায় '১৬ ডিসেম্বর স্টোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের নাম ‘১৬ ডিসেম্বর স্টোর’। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে বালিকা বিদ্যালয় মার্কেটে দোকানটির অবস্থান। দোকানমালিক জামিরুল ইসলাম জানালেন, এটি শুধু দোকানের নাম নয়, বিশ্বাস, আস্থা ও দেশপ্রেমেরও প্রতীক।

গত বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া হয়ে মেহেরপুরের গাংনী অভিমুখে যাওয়ার পথে চোখে পড়ে দোকানটি। কাছে যেতেই আরও দেখা যায়, দোকানটির প্রতিটি তাকের নামের বৈশিষ্ট্য। দোকানের মোট আটটি তাকের মধ্যে একটির নাম মুক্তিযোদ্ধা কর্নার। অন্য সাতটি মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে।

খোঁজ নিয়ে জানা গেল, ২০১০ সালের ১৬ ডিসেম্বর দোকানটি প্রথম চালু করা হয়। আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, প্রতিবছর ১৬ ডিসেম্বর দোকানটিতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ডেকে কেক কেটে বিজয় দিবস ও দোকানটির বর্ষপূর্তি পালন করা হয়। মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয় সেখানে। দোকানটি বর্ণিল সাজে সাজানো হয়। এ বছরও একই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের সত্যতা মিলল আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বিশ্বাসের কথায়। ইয়াকুব আলী বলেন, প্রতিবছর বিজয় দিবসে ১৬ ডিসেম্বর স্টোরে এলাকার তালিকাভুক্ত ও জীবিত ১৬ জন মুক্তিযোদ্ধার সমাবেশ ঘটে। দোকানমালিকের আচরণ ভালো এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর রয়েছে অগাধ শ্রদ্ধাবোধ।

দোকানমালিক জামিরুল প্রথম আলোকে জানান, অর্থাভাবে দশম শ্রেণি পর্যন্ত পড়েই পড়ালেখার পাট চুকে যায়। সংসারের অভাব দূর করতে প্রথমে বাইসাইকেল মিস্ত্রি হিসেবে জীবিকা শুরু করেন। তবে দেশ-বিদেশ বিষয়ে জানার আগ্রহ ছিল তাঁর বরাবরই। সুযোগ পেলে সংবাদপত্রের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন। সাইকেল মিস্ত্রির পেশা মানানসই না হওয়ায় ২০১০ সালে পেশা পরিবর্তন করে ‘১৬ ডিসেম্বর স্টোর’ দিয়ে মনিহারি ও ফাস্ট ফুডের ব্যবসা  শুর করেন।

৩০ বছর বয়সী জামিরুল বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে যখন থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশ সম্পর্কে বুঝতে শিখেছি, তখন থেকেই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে আসছি। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যুদ্ধদিনের রোমহর্ষ বর্ণনা শুনেছি। জেনেছি, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন না হলে আমরা সারা জীবন পরাধীন থাকতাম। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এবং বিজয়ের দিনকে স্মরণীয় করে রাখতেই দোকানের নাম রাখা হয়েছে ‘১৬ ডিসেম্বর স্টোর।’