বর্তমান সরকারকে অবৈধ অভিহিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এই সরকার দেশে শুধু বাকশাল নয়, বাকশালের বাপ কায়েম করেছে। চুয়াত্তর-পঁচাত্তর সালের মতো আবার শুরু হয়েছে খুন-গুম আর নির্যাতন। এভাবে বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না এই সরকার। আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১৮-দলীয় জোটের সমাবেশে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নোমান বলেন, ‘ভোটাররা যে নির্বাচনে ভোট দেননি, সেটাকে নির্বাচন বলা যাবে না।’ তিনি বলেন, ‘প্রহসনের এই নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীও ভোটকেন্দ্রে যাননি। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ব্যালটে সিল মেরে ভোট গ্রহণ হয়েছে বলে সরকারকে দেখিয়েছে। তাই এই সংসদ অবৈধ।’
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এই সরকার অবৈধ ও স্বৈরাচারী। জনতার আন্দোলনে এই অবৈধ সরকারের পতন অনিবার্য।’
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা আনোয়ার হোসেন, সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার ও এম এ সবুর, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ।
ক্ষোভ: সূত্র জানায়, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে জামায়াত যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলে নগর বিএনপির একজন নেতা তা উপেক্ষা করতে পারেননি। এতে অনেকের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের কারণে আজ বিএনপির এই করুণ দশা। শহীদ জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াত কেন, এই প্রশ্ন আমাদের।’