চুয়েটকে পাহাড় কেটে ভবন নির্মাণ বন্ধের নির্দেশ
অনুমোদন ছাড়া পাহাড় কেটে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ভবনের নির্মাণকাজ শুরু করার ঘটনায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) নোটিশ দিয়েছে। গতকাল রোববার ফ্যাক্সযোগে এই নোটিশ দেওয়া হয়। নোটিশে পাহাড় কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গত শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সরেজমিন পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধের মৌখিক নির্দেশ দেন।চুয়েটের নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী পরিবেশ অধিদপ্তরের নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এ ব্যাপারে কী করা যায়, আমরা তা ভেবে দেখছি।’প্রশাসন সূত্র জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের পর তিন কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে চুয়েটে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় গত ২০ সেপ্টেম্বর। এটকো ইন্টারন্যাশনাল নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। এ কাজের জন্য পাহাড় কাটার প্রয়োজন হয়। নিয়ম অনুযায়ী, পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিতে হয়। কিন্তু চুয়েট কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট ঠিকাদার ছাড়পত্র নেননি বলে জানা গেছে।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মো. সাইফুল আশ্রাব শনিবার সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পান। প্রথম আলোকে তিনি বলেন, ‘পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়ার পরও তারা কেটেছে।’ তিনি জানান, পরিবেশ আইনে বলা আছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনোভাবে পাহাড় কর্তন, মোচন ও সমান করতে পারবে না। যদি পাহাড় কাটতে হয়, তবে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অনুমোদন নিতে হবে। কিন্তু চুয়েট কর্তৃপক্ষ কোনো অনুমোদন ছাড়াই পাহাড় কেটে ভবন নির্মাণ করছে। এ জন্য গতকাল রোববার কাজ বন্ধ রাখার জন্য চুয়েট প্রশাসনকে নোটিশ পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম বলেন, এটি একনেকের অনুমোদিত প্রকল্প। তা ছাড়া পুরো চুয়েটই পাহাড়ি এলাকায় অবস্থিত, ভবন নির্মাণ করতে হলে তো পাহাড়েই করতে হবে।প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘পরিদর্শনে আসা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে আমরা বলেছি চুয়েটের অবস্থান পাহাড়ি এলাকায়। অতীতে এখানে যে ভবনগুলো নির্মাণ হয়েছে, তার কোনোটির জন্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগেনি। নতুনভাবে যে পরিবেশ ছাড়পত্র নিতে হবে, তা-ও আমরা জানি না এবং প্রশাসনিকভাবেও কোনো সময় আদেশের চিঠি পাইনি। আর তা ছাড়া আমরা পাহাড় কাটছি না, একটু সমান করে ভবন নির্মাণ করছি। তার পরও পরিবেশ কর্মকর্তাকে বলেছি, যদি আইনসিদ্ধ না হয়, তাহলে সরকারি বিধি মোতাবেক আমরা ছাড়পত্র নেব।’