চুয়েটে জাপানি ভাষা শিক্ষাকেন্দ্রের উদ্বোধন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাপানি ভাষা শিক্ষাকেন্দ্র চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়েট সেমিনার কক্ষে এ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তামাৎসু শিনোৎসুকা।অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রতিযোগিতার বিশ্বে টেকসই অবস্থান তৈরিতে বিবিধ ভাষায় দক্ষতা প্রয়োজন। প্রকৌশল ও প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিদের বেলায় ভাষার দক্ষতা থাকা আরও জরুরি। বাংলাদেশে জাপানের প্রচুর ব্যবসা ও বিনিয়োগ আছে। এসব ক্ষেত্রে জাপানি ভাষা খুব প্রয়োজন হবে।অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, জাপানের কনসাল জেনারেল ও নিপ্পন একাডেমি চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বক্তব্য দেন।উপাচার্য বলেন, অত্যাধুনিক ল্যাবসমৃদ্ধ ভাষাশিক্ষা কেন্দ্রে প্রাথমিক পর্যায়ে ইংরেজি, জাপানি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শিক্ষার ব্যবস্থা থাকছে। এই সুবিধা গ্রহণ করে সবাই উপকৃত হতে পারবে।