চুয়েটে তারুণ্যের বাঁধভাঙা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্য উত্সবে নানা আয়োজনে মেতে ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তারুণ্য উত্সবে নানা আয়োজনে মেতে ওঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যািলয়ের (চুয়েট) প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে নানা রঙের আলপনা। চারদিকে ঝুলছিল অসংখ্য ব্যানার-পোস্টার। ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। কোথাও চলছে বিতর্কের লড়াই, কোথাও গান আর কোথাও আলোকচিত্র প্রদর্শনী। প্রথম আলো ও চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েট-ডিএস) তারুণ্য উৎসবকে কেন্দ্র করে ৬ মার্চ বৃহস্পতিবার ক্যাম্পাস সেজেছিল জমকালো সাজে।
দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়, ২৫টি বিদ্যালয় ও ২০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এই উৎসবে। তিন দিনব্যাপী উৎসব শেষ হয় ৯ মার্চ শনিবার। প্রতি জাগরণের পর সময় আমাদেরই—এই স্লোগান নিয়ে চতুর্থবারের মতো আয়োজিত হলো এই উৎসব। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল প্রথম আলো ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।
৬ মার্চ বিকেল চারটায় ঢাকঢোল বাজিয়ে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই উৎসব। শোভাযাত্রা শেষ হতেই অসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্বাগত জানিয়ে একদল শিক্ষার্থী পরিবেশন করেন ‘ফ্ল্যাশ মব’ নাচ। নাচের সঙ্গে সঙ্গে বেজে ওঠে ’চার ছক্কা হই হই’ গানটি। এরপর কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, সহ-উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সন্ধ্যায় ফানুস উৎসব ও মেহেরজান আরেকবার নাটকের মঞ্চায়নের এর মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানমালা শেষ হয়।
দ্বিতীয় দিনের প্রথম প্রহরেই ছিল কামার আহমাদ সাইমন পরিচালিত চলচ্চিত্র শুনতে কি পাও-এর প্রদর্শনী। এর পাশাপাশি চলতে থাকে বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব। বিকেলে অনুষ্ঠিত হয় আলোকচিত্র প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় ও তৃতীয় পর্ব। সন্ধ্যায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয় উৎসবের দ্বিতীয় দিন।
অনুষ্ঠানের শেষ দিন শনিবার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় মধ্যে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও রানারআপ হয় বাংলাদেশ মহিলা সমিতি বিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হয় যথাক্রমে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজ। আন্তবিশ্ববিদ্যালয় বাংলা বিতর্কে চ্যাম্পিয়ান হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশপ্তক এবং রানারআপ হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাম্পান দল। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউ-ডিএস) ও রানারআপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশপ্তক দল।
এরপর ছিল সেরা আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ঘোষণার পালা। জাভেদ মিয়াদাদের তোলা ‘আর্টিস্ট’, মো. হাসান মুরাদের ‘ক্যাচ দ্য ড্রিম’ ও ইশরাক হাসানের ‘সিটি অব রিফ্লেকশন’ সেরা আলোকচিত্র নির্বাচিত হয়। এ ছাড়া বিচারকদের রায়ে সিয়াম বিন রহমান পরিচালিতগণতান্ত্রিক শিক্ষা সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের খেতাব লাভ করে। তবে দর্শকদের ভোটে সেরা হয় জেনি ইসলাম পরিচালিত চলচ্চিত্র ললিপপ।
শেষ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী মুসা ইব্রাহীম এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জাব্বার। মুসা ইব্রাহীম তাঁর অভিজ্ঞতার আলোকে তরুণদের লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। এরপর অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ দিনের বিশেষ আয়োজন ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। পুতুল নাচ, কায়া নৃত্য ও বাউল গান শুনে মুগ্ধ হয় শ্রোতারা। তারপর রাতভর চলে কনসার্ট।