চুয়েটে স্থাপত্য উৎসবে নান্দনিকতার জয়

প্রতিটি স্থাপত্যই একেকটি অনন্য ভাবনা। সে ভাবনাগুলো ছড়িয়ে থাকে স্থাপনার প্রতিটি ইটের মাঝে। এমনটাই ছিল স্থাপত্য নিয়ে জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের দর্শন। এখনকার তরুণ স্থপতিরাও যে এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন, তার প্রমাণ মিলল স্থাপত্য উৎসবে এসে। ৪ ও ৫ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত দুদিনের স্থাপত্য উৎসবে ছিল নান্দনিকতারই জয়-জয়কার।
চুয়েটের স্থাপত্য বিভাগ আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। এ সময় নীল টি–শার্ট গায়ে শোভাযাত্রায় অংশ নেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিনার। আলোচনা করতে গিয়ে উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম সভ্যতার উন্নয়নে স্থপতিদের অবদান উল্লেখ করেন। তিনি বলেন, স্থপতিদের হাতের স্পর্শে যেকোনো কিছুই সুন্দর হয়ে ওঠে।
সেমিনারের পর শুরু হয় স্থাপত্য শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী। এসবের মধ্যে ছিল পরিবেশবান্ধব অট্টালিকা, পথশিশুদের পড়াশোনার স্কুল, সৃজনশীল অফিসকক্ষ ও বিলাসবহুল নৌকার নকশা। আসরকে ফ্রেমবন্দী করতে সেলফিও তুললেন নবীন স্থপতিরা। বিকেলে অনুষ্ঠিত হয় স্থাপত্য বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আলোচনা সভা।
উৎসবের দ্বিতীয় দিনটিই ছিল সবচেয়ে আনন্দঘন। সারা দিন ধরেই চলেছে প্রকল্প ও চিত্র প্রদর্শনী। শিক্ষার্থীদের আঁকা ছবি এবং আলোকচিত্রের প্রদর্শনী নজর কাড়ে দর্শকদের। তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছিল সব ছবি। আলোকচিত্রও সমান মুগ্ধতা ছড়ায়।

এরপর দুপুরে স্থাপত্যের শিক্ষার্থীরা মেতে ওঠেন রঙের খেলায়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় উৎসবের মূল আকর্ষণ সাংস্কৃতিক উৎসব। এ বছরের মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো স্থাপত্যের শেষ বর্ষের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলামসহ প্রয়াত সব স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আয়োজন। চুয়েটের স্থাপত্য বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বিশেষ কিছু। তাই তাঁদের পরিবেশনা উপভোগ করতে কেন্দ্রীয় মিলনায়তনে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও। মঞ্চে আলোছায়ার মোহনীয় দৃশ্যপটে সুরের মূর্ছনা ও নৃত্যের ছন্দে দর্শকদের মুগ্ধ করেন স্থাপত্যের শিক্ষার্থীরা। ফাঁকে ফাঁকে পর্দায় দেখানো হয় স্থাপত্যের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র। সন্ধ্যায় শেষ হয় এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ক্যাম্পাসের বাস্কেটবল মাঠে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে শেষ হয় স্থাপত্য উৎসবের।