চূড়ান্ত তদন্ত প্রতিবেদনেও নতুন কোনো তথ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের প্রথম দিনে জাতীয় বিদ্যুৎ গ্রিডে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয়ের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনেও নতুন কোনো তথ্য নেই। ঘটনার কারণ সম্পর্কে ১ নভেম্বর কর্মকর্তারা যা বলেছিলেন, চূড়ান্ত প্রতিবেদনেও ঘুরিয়ে-ফিরিয়ে সে কথাই বলা হয়েছে। সঙ্গে আছে কয়েকটি সুপারিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল বুধবার বিকেলে তদন্ত কমিটি বিদ্যুৎ মন্ত্রণালয়ে ওই প্রতিবেদন উপস্থাপন করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউসের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি ওই ঘটনার তদন্ত করেছে। ৬ নভেম্বর কমিটি প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত তদন্তের জন্য ১০ কার্যদিবস সময় নিয়েছিল।
চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানান, ঘটনার দিন (১ নভেম্বর) বেলা ১১টা ২৭ মিনিটে জাতীয় বিদ্যুৎ গ্রিডে হঠাৎ ভোল্টেজ কমে যায়। ফলে ‘সিস্টেম ফ্রিকোয়েন্সি’ কমে গিয়ে ‘লো ফ্রিকোয়েন্সি ডিস্টার্বেন্স’ সৃষ্টি হয়। এ কারণে ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুৎ আনার জন্য স্থাপিত উচ্চক্ষমতার গ্রিড উপকেন্দ্রের (এইচভিডিসি) মাধ্যমে বিদ্যুৎ এনে জাতীয় গ্রিডে সঞ্চালন করা যাচ্ছিল না। এই অবস্থায় ওই উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ আমদানি বন্ধ করে দেওয়া হয়। তখন ভারত থেকে ৪৪৪ মেগাওয়াট বিদ্যুৎ আসছিল। একদিকে জাতীয় গ্রিডে ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি কমে যাওয়া, অন্যদিকে উপকেন্দ্রটি বন্ধ করায় একসঙ্গে বিপুল পরিমাণ বিদ্যুৎ গ্রিড থেকে চলে যাওয়ার যৌথ প্রতিক্রিয়ায় সমগ্র সঞ্চালনব্যবস্থা (গ্রিড) বন্ধ হয়ে যায়। এর অনিবার্য ফল হচ্ছে একে একে সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়া।
ওই সূত্র জানান, জাতীয় গ্রিডে কী কারণে ভোল্টেজ কমে গেল, তদন্ত কমিটি তা খুঁজে বের করতে পারেনি। তাই এ সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি। তবে এ রকম পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রতিরোধের জন্য গ্রিডে যে স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে (আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে), ঘটনার অভিঘাত অত্যন্ত তীব্র হওয়ায় তা সেদিন কাজ করেনি। সর্বোপরি, এ ধরনের ঘটনা রোধে জাতীয় লোড ডেসপাচ সেন্টারে (এনএলডিসি) কর্মরত পেশাজীবীদের যা করণীয় থাকে, দ্রুত অনেক বিতরণ লাইন বন্ধ করে দিয়ে বিদ্যুতের ব্যবহার কমিয়ে ফেলা, তা-ও সেদিন করা হয়নি। সে জন্য সংশ্লিষ্ট কয়েকজন পেশাজীবীকে দায়ী করেছে তদন্ত কমিটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কমিটি কয়েকটি সুপারিশ করেছে।
কয়েকজন অভিজ্ঞ পেশাজীবী বলেন, সমস্যা জাতীয় গ্রিডের যেখানেই হোক, সেদিন প্রথম বন্ধ হয় ভেড়ামারার এইচভিডিসি। সেটি বন্ধ হওয়ায় ভারত থেকে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। ফলে গ্রিডে ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ কমে গিয়ে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। কিংবা এমনও হতে পারে যে বিপর্যয়ের সময় জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী যে পরিমাণ বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা, তার চেয়ে বেশি হচ্ছিল। কখনো কখনো এ রকম হতে পারে। তবে তা সামাল দেওয়ার ব্যবস্থাও সঞ্চালনব্যবস্থায় আছে, যা হয়তো সেদিন কাজ করেনি।
ফলে সঞ্চালন লাইনে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ চলে আসায় সব বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরের গতি কমে আসে এবং একটার পর একটা বন্ধ হয়ে যায়। বিদ্যুতের পরিভাষায় একে বলা হয় ‘ক্যাসকেডিং ইফেক্ট’। এ রকম হলে বিদ্যুতের চাহিদা ও জাতীয় গ্রিডে সরবরাহের মধ্যকার ছন্দ ভেঙে পড়ে। তখন বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে উৎপাদন কমিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় লোড ডেসপাচ সেন্টারে কর্মরতদের। হয়তো সেদিন তা করার আগেই বিপর্যয় ঘটে যায়। তবে ওই ঘটনার পরও অন্তত দুই দিন জাতীয় গ্রিডে ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সি কমে গিয়েছিল। কিন্তু এনএলডিসিতে কর্মরত ব্যক্তিরা তা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ায় কোনো বিপর্যয় ঘটেনি।