চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত সাকার সাংসদ পদ বহাল থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সংসদ সদস্য পদ বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তিনি গতকাল বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীকে গত মঙ্গলবার মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়ের পর সাকা চৌধুরীর সাংসদ পদ বাতিল হবে কি না, এমন প্রশ্নে জাবেদ আলী বলেন, ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিলেও এই রায় অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ বাতিল করা সম্ভব নয়। নিশ্চয় তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সুতরাং, এ বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হলে আপিল নিষ্পত্তি এবং আপিলে দণ্ড বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এক প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, নির্বাচন কোন মাসে হবে সেটা বড় কথা নয়, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করাই বড় কথা। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ‘শিগগিরই আমরা একটি আচরণবিধি পেশ করব। বিদ্যমান আইনের আলোকে সব দলের জন্য সমান সুযোগ রেখে আচরণবিধি প্রণয়নের প্রাথমিক কাজ চলছে।’