‘যুক্তির আলোয় মুক্তি আসুক, সাজুক তেপান্তর’ স্লোগানে শুরু হওয়া ১২তম প্রথম আলো-আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো গতকাল শনিবার। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে স্কুল ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বিতর্ক দল ও শ্রেষ্ঠ বিতার্কিককে পুরস্কৃত করা হয়। আইডিয়াল স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রথম আলো। সহযোগিতা করছে অগ্রণী ব্যাংক লিমিটেড।
চূড়ান্ত পর্বে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজের দল আর এন এ ও রানারআপ হয় নটর ডেম কলেজের দল এন ডি সি সি ব্লু। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গভ. ল্যাবরেটরি স্কুলের ডিসিএল ৪ ও রানারআপ হয় সেন্ট গ্রেগরি হাইস্কুলের জি ডি সি হোবার্ট। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার জেতে গভ. ল্যাবরেটরি স্কুলের (ডিসিএল) মুস্তাকিম মইজ।
বিতর্ক প্রতিযোগিতায় নানা আয়োজনের মধ্যে ছিল আন্তস্কুল বাংলা বিতর্ক, আন্তস্কুল বারোয়ারি বিতর্ক, আন্তক্লাব বাংলা বিতর্ক, আন্তক্লাব বারোয়ারি বিতর্ক, আন্তস্কুল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা এবং আন্তস্কুল কুইজ প্রতিযোগিতা। এতে ২৪টি স্কুলের বিতর্ক দল ও বিতার্কিকেরা অংশ নিয়েছে। গতকাল বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস ছালাম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন আইডিয়াল ডিবেটিং ক্লাবের মডারেটর আলী মর্তুজা, জুবাইদা রহমান ও ফজলুল করিম ফাহিম।
বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া সহযোগী দেশ টিভি, সময় টিভি, কিশোর আলো, ইয়ুথ ওয়েভ ও এসকেবি নিউজ ডট কম। সহযোগিতা করছে রকমারি ডটকম ও হক বিস্কুট।