
অবশেষে চূড়ান্ত রায়ে সর্বোচ্চ সাজা পেলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন সাজার রায় পেয়ে তিনি দুই আঙুল উঁচিয়ে বিজয়চিহ্ন (ভি) দেখিয়েছিলেন। সেই বিজয়চিহ্ন কোটি হূদয়কে বিদ্ধ করেছিল সেদিন। তাঁর ফাঁসির দাবিতে অভাবনীয় এক আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে এক সুতায় গেঁথে নিয়েছিলেন তরুণেরা। তিনি আবদুল কাদের মোল্লা, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে কাদের মোল্লাকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল নয়টা ৩৬ মিনিটে ‘সরকারের আপিল গৃহীত হল’—আদালত এই বাক্যটি বলার সঙ্গে সঙ্গে যেন ইতিহাসের আরেকটি পাতায় স্থান করে নিল বাংলাদেশ। স্বাধীনতার ৪২ বছর পর মানবতাবিরোধী অপরাধের দায়ে কারও বিরুদ্ধে এটিই প্রথম চূড়ান্ত রায়।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে সরকারের আপিলকে গ্রহণযোগ্য বলে রায় দেন, আর সংখ্যাগরিষ্ঠ (৪: ১) মতের ভিত্তিতে আপিল মঞ্জুর করে সাজার রায় দেন।
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
কাদের মোল্লার রায় ঘোষণা উপলক্ষে গতকাল সকাল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। আসন গ্রহণের পর চার মিনিটে রায়ের সংক্ষিপ্ত অংশ ঘোষণা করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করার ব্যাপারে আপিল বিভাগের পাঁচ বিচারপতি একমত হলেও মৃত্যুদণ্ডের বিষয়ে এক বিচারপতি ভিন্নমত দেন। তবে কোন বিচারপতি ভিন্ন মত দিয়েছেন, সংক্ষিপ্ত আদেশে তা জানানো হয়নি।
আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে তখন পিনপতন নীরবতা। জনাকীর্ণ কক্ষে এজলাসের ডান দিকের প্রথম বেঞ্চে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা, মোমতাজউদ্দিন ফকির প্রমুখ। বাঁ দিকে ছিলেন আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক, খন্দকার মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ। রায় শোনার জন্য আইনজীবী, সংবাদকর্মীরা ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, মামলার সাক্ষী শহিদুল হক (মামা) প্রমুখ উপস্থিত ছিলেন।
আসামি ও সরকার—উভয় পক্ষের দুটি আপিলের ওপর ৩৯ কার্যদিবস শুনানি শেষে গত ২৩ জুলাই আপিল বিভাগ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। শুনানি শেষ হওয়ার ৫৫ দিনের মাথায় গতকাল রায় দেওয়া হয়।
রায়: সংক্ষিপ্ত আদেশে বলা হয়, কাদের মোল্লার বিরুদ্ধে আনা চতুর্থ অভিযোগ (ঘাটার চর ও ভাওয়াল খানবাড়ি হত্যাকাণ্ড) থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে খালাস দিয়েছিলেন। ট্রাইব্যুনালের এ-সংক্রান্ত রায় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বাতিল করা হলো। এই অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
কাদের মোল্লার বিরুদ্ধে আনা ষষ্ঠ অভিযোগ (সপরিবারে হযরত আলী লস্কর হত্যা ও ধর্ষণ) প্রমাণিত হওয়ায় সংখ্যাগরিষ্ঠ (৪: ১) মতামতের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আদালত বলেন, তবে তাঁর বিরুদ্ধে আনা ষষ্ঠ অভিযোগ সর্বসম্মতিতে গ্রহণ করা হলো।
ট্রাইব্যুনাল এই অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।
আর প্রথম (পল্লব হত্যাকাণ্ড), দ্বিতীয় (সপরিবারে কবি মেহেরুননিসা হত্যা), তৃতীয় (সাংবাদিক আবু তালেব হত্যাকাণ্ড) ও পঞ্চম অভিযোগে (আলুব্দী হত্যাযজ্ঞ) ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড সংখ্যাগরিষ্ঠ (৪: ১) মতামতের ভিত্তিতে বহাল রাখেন আপিল বিভাগ।
প্রথম তিনটি অভিযোগে তাঁকে ১৫ বছর করে কারাদণ্ড এবং পঞ্চম অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে আদালত সর্বসম্মতিক্রমে কাদের মোল্লার করা আপিল খারিজ করে দেন।
রায় ঘোষণার পর সংক্ষিপ্ত রায়ের অনুলিপি চেয়ে গতকাল বিকেলেই সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় কাদের মোল্লার পক্ষে আবেদন করা হয়। কাদের মোল্লার অন্যতম আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘অনুলিপি পেলে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করবেন তাঁরা।’
ষষ্ঠ অভিযোগে মৃত্যুদণ্ড: ষষ্ঠ অভিযোগে ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। আপিল বিভাগ এই অভিযোগে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন।
অভিযোগে বলা হয়, একাত্তরের ২৬ মার্চ সন্ধ্যা ছয়টার দিকে কাদের মোল্লা, তাঁর সহযোগী অবাঙালি বিহারি ও কয়েকজন পাকিস্তানি সেনা মিরপুরের ১২ নম্বরে ৫ নম্বর কালাপানি লেনে হযরত আলী লস্করের বাসায় ঢোকেন। তাঁরা হযরত আলী ও তাঁর স্ত্রী আমিনাকে গুলি করেন, দুই মেয়ে খাদিজা ও তাহমিনাকে জবাই করেন এবং দুই বছরের ছেলে বাবুকে মাটিতে আছড়ে নৃশংসভাবে হত্যা করেন। এরপর হযরত আলীর ১১ বছর বয়সী আরেক মেয়েকে ১২ জন গণধর্ষণ করেন। ওই সময় ঘটনাস্থলে লুকিয়ে থাকা হযরতের আরেক মেয়ে ওই নৃশংসতা স্বচক্ষে দেখেন। ঘটনার সমর্থনে রাষ্ট্রপক্ষে তিনি ট্রাইব্যুনালে ক্যামেরা ট্রায়ালে ওই হূদয়বিদারক ঘটনার বিবরণ দেন।
মামলার নথিতে দেখা যায়, ১৯৭১ সালে কাদের মোল্লার বয়স ছিল ২৩ বছর।
চতুর্থ অভিযোগে যাবজ্জীবন: চতুর্থ অভিযোগে ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে খালাস দেন। এটা বাতিল করে আপিল বিভাগ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অভিযোগে বলা হয়, একাত্তরের ২৫ নভেম্বর সকাল সাড়ে সাতটা থেকে ১১টা পর্যন্ত কাদের মোল্লা ও ৬০-৭০ জন রাজাকার ঢাকার কেরানীগঞ্জ থানার খানবাড়ি ও ঘাটার চর গ্রামে যান। সেখানে তাঁরা দুজন নিরস্ত্র মুক্তিযোদ্ধা ওসমান গণি ও গোলাম মোস্তফাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করেন। এ ঘটনার পরপরই কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা ভাওয়াল খানবাড়ি ও ঘাটার চরে হামলা চালান এবং নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করেন।
প্রতিক্রিয়া: রায়ের পর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সবকিছু বিচার-বিশ্লেষণ করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। কাজেই, এ রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপনের কোনো অবকাশ নেই।
কত দিনে রায় কার্যকর করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট সময়সীমা নেই। তবে রায় সাধারণত দ্রুতই কার্যকর হয়। এ জন্য চাইলে যত তাড়াতাড়ি সম্ভব দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রপতির কাছে মার্জনা চাইতে হবে। কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এ ধরনের অপরাধে কেউ মার্জনা পেয়েছেন বলে আমার মনে হয় না।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আদালত সঠিক রায় দিয়েছেন। একটি স্বাধীন দেশের জন্য এটি বিরাট বিজয়। আইনে এই রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ পিটিশন) কোনো সুযোগ নেই।
আবদুল কাদের মোল্লার প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আপিল বিভাগের রায় আমরা মানতে বাধ্য। তবে রায়ে আমরা সংক্ষুব্ধ, বিস্মিত। বিচারিক আদালত যেখানে মৃত্যুদণ্ড দেননি, সেখানে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ড প্রদান বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।’ তিনি বলেন, কাদের মোল্লার সাংবিধানিক অধিকার সংরক্ষণের জন্য পূর্ণাঙ্গ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে এ রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে।
ব্রিফিংয়ের সময়ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। দলের বক্তব্য পরে জানানো হবে।’
ঘটনাপ্রবাহ: ২০১০ সালের ১৩ জুলাই অন্য একটি মামলায় কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৪ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্ত শুরু হয় ২১ জুলাই। গত বছরের ২৮ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৩ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৫ ফেব্রুয়ারি তাঁকে যাবজ্জীবন সাজার রায় দেন ট্রাইব্যুনাল-২।
এ রায়ের পর তাঁর সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণ সমাজের ডাকে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) সংশোধন বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। আগে আইনে সরকারের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল না। গত ৩ মার্চ সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আর সাজা থেকে অব্যাহতি চেয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা। গত ১ এপ্রিল থেকে শুনানি শুরু হয়।
শুনানিতে দুটি গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন ওঠায় জ্যেষ্ঠ সাত আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) মেনে মতামত নেন আদালত।
প্রশ্ন দুটি হলো, দণ্ড ঘোষণার পর আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না এবং আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না।
সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মত দেন অ্যামিকাস কিউরি রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি। প্রযোজ্য নয় বলে মত দেন টি এইচ খান এবং এ এফ হাসান আরিফ।