চূড়ান্ত রায়ে ন্যায়বিচার না পেলে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলানী হত্যার চূড়ান্ত রায়ে ন্যায়বিচার না পেলে সরকার আপিল করবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ফেলানীর পরিবারকে আইনি সহায়তা দেওয়া কুড়িগ্রামের জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, বিএসএফ আইনে বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার হয়েছে। কাজেই রায়ের বিরুদ্ধে আপিল ভারতকেই করতে হবে। ফেলানীর বাবা অথবা বাংলাদেশ সরকারের পক্ষে আপিল করার সুযোগ নেই।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ জন্যই আমরা ভারতের কাছে বিচার-প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছি।’
প্রসঙ্গত, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কিশোরী ফেলানী খাতুন ২০১১ সালের ৭ জানুয়ারি ভারত থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারায় পঞ্চদশী কিশোরী। মৃত্যুর পর প্রায় পাঁচ ঘণ্টা ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল। সেই ছবিসহ খবরটি প্রচার হলে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়।
দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে তিস্তা ও সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিস্তা ও সীমান্ত চুক্তি আজকে হোক, দুই মাস পরে হোক, সই হবেই। ভারত সরকার এ ব্যাপারে আন্তরিক আছে।’
কেরির চিঠি: আগামী নির্বাচনকে কেন্দ্র করে বন্ধুরাষ্ট্রের উদ্বেগ ও চিঠি পাঠানো প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের বন্ধুরাষ্ট্রগুলো আনন্দিত। তারা উদ্বেগও প্রকাশ করতে পারে। তবে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকা উচিত নয়। সাংবিধানিক উপায়ে অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবেই নির্বাচন হবে। তবে নির্বাচন নিয়ে কোনো কোনো মহল অনিশ্চয়তা তৈরি করছে। এর ফলে কোনো কোনো বন্ধুরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে। তবে সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’
ইউনূস প্রসঙ্গ: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোথাও আইনের লঙ্ঘন হলে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেকোনো সরকারের দায়িত্ব। ধারণার বশবর্তী হয়ে এর আগেও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন মত প্রকাশ করেছে, অনুরোধ করেছে। তবে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ, সরকার আইনবহির্ভূত কিছু করবে না।’