
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সীমান্তে ফেলানী হত্যা মামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আদালত যে রায় দিয়েছেন, সে সম্পর্কে তাঁদের কাছে জানতে চেয়েছি। আদালতের চূড়ান্ত রায়ে ন্যায়বিচার না পাওয়া গেলে ফেলানী হত্যার ব্যাপারে বাংলাদেশ অবশ্যই আপিল করবে।’
আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। অমিয় বিএসএফ ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। এই রায়ের পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ফেলানীর পরিবার রায় মানে না বলে জানিয়েছে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কর আইনের লঙ্ঘন যে-ই করুক না কেন, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সরকার আইনসংগতভাবেই তা করছে। কোনোভাবেই আইনের লঙ্ঘন করছে না। কাজেই এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখি না।
ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করার সরকারি উদ্যোগের খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটি ওই উদ্বেগের কথা জানায়। এ ব্যাপারে দীপু মনি আজ এসব কথা বলেন।
তিস্তা ও সীমান্ত চুক্তিসংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো সরকারের আমলে কোনো চুক্তি সই নাহলে আর কখনো সই হবে না এমনটা ভাবার কোনো সুযোগ নেই। চুক্তিগুলো সইয়ের ব্যাপারে ভারত সরকার যথেষ্ট আন্তরিক বলে মন্ত্রী জানান। তিনি বলেন, ‘এই চুক্তি সই হবে বলে আমাদের বিশ্বাস।’ তবে এসব চুক্তি কবে সই হবে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।