ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম প্রশ্নে রিটের চূড়ান্ত শুনানি গতকাল সোমবার শেষ হয়েছে। ৮ মে বুধবার রায়ের জন্য দিন ধার্য করেছেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের এপ্রিলে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছিলেন। রুলের ওপর শুনানি গতকাল শেষ হয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত রায়ের জন্য ৮ মে দিন ধার্য করেছেন।
গত বছরের ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এ সময়ের মধ্যে আইন অনুসরণ করে কাউন্সিলরের সংখ্যা ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে বলা হয়। এ ছাড়া ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়।
রুলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুসারে করপোরেশনকে ওয়ার্ডে বিভক্ত করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিবসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।