চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমদ
কাজী রকিব উদ্দীন আহমদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদ বহাল রেখে, নাকি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত সংসদ নেবে। আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন কি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে, নাকি সংসদ ভেঙে যাওয়ার পরের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে চায়—এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এত আগে তো কিছু বলা যাবে না। যে অবস্থাতেই নির্বাচন হোক, সবার জন্য সমান সুযোগ থাকলে কোনো সমস্যা নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের রীতিনীতি দেখে কমিশন প্রার্থীদের আচরণবিধি তৈরি করবে।’ সংসদ বহাল রেখে নির্বাচন করা দুরূহ—নির্বাচন কমিশনার আবু হাফিজের এই মন্তব্য সম্পর্কে সিইসি বলেন, সবারই ব্যক্তিগত কিছু মতামত থাকে। কমিশনের সভায় কোনো সিদ্ধান্ত হলে সেটা কমিশনের মত হিসেবে বিবেচিত হবে। রোববার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কমিশনারদের পদত্যাগ দাবি করে যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে সিইসি কাজী রকিব উদ্দীন বলেন, ‘এটা তাঁদের ব্যক্তিগত মত। এ নিয়ে কমিশন কোনো চাপ বোধ করছে না। আমরা কাজ দিয়ে প্রমাণ করব, নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। ইতিমধ্যে প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে। কোনো নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠেনি।’

নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে কমিশন বৈঠক করবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘কমিশন আগেও দলগুলোর সঙ্গে বৈঠক করেছে। এটি চলমান প্রক্রিয়া। যেকোনো দল চাইলে যখন-তখন এসে কমিশনকে পরামর্শ দিতে পারে। কমিশন তা গ্রহণ করবে।’
সাংসদেরা পদে থেকে নির্বাচন করতে পারবেন কি না, জানতে চাইলে সিইসি বলেন, সাংসদদের পদ লাভজনক কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রায় ৭০ লাখ নতুন ভোটারের পরিচয়পত্র ছাপার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা জেলার পরিচয়পত্র ছাপার কাজ শেষ হয়েছে। এসব পরিচয়পত্র কীভাবে বিতরণ করা যায়, সে বিষয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলার পরিচয়পত্রও বিতরণ করা হবে বলে সিইসি জানান।
কমিশন সচিবালয় সূত্র জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকার পরিচয়পত্র বিতরণের প্রস্তাব করেছে।

জামায়াতের সঙ্গে বৈঠক বাতিল
নির্বাচন কমিশনের সঙ্গে আজ জামায়াতে ইসলামীর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কমিশন তা বাতিল করেছে। এ বিষয়ে সিইসি বলেন, ‘জামায়াতকে এর আগে দুবার সময় দেওয়া হয়েছিল। কিন্তু কমিশনের জরুরি বৈঠকের কারণে তা বাতিল করতে হয়েছে। আজও তাদের আসার কথা ছিল। কিন্তু কমিশনের বৈঠকের কারণে বসা সম্ভব হয়নি। তাদের পরে সময় দেওয়া হবে।’
আদালত জামায়াতের নিবন্ধনকে অবৈধ বলেছেন। কমিশনের বিবেচনায় দলটি এখন নিবন্ধিত দল কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘আদালতের রায় বহাল আছে। আদালতের নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। আমরাও মেনে চলব।’