দেশে ৮০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দেশে ডায়াবেটিস রোগী বৃদ্ধির হার অত্যন্ত বেশি। সরকারের ভেতরে কিছু মানুষের অসহযোগিতা বা স্থবিরতার কারণে ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে দেশে ৮০ লাখের বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে ডায়াবেটিস সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, বাংলাদেশের উদ্যোগের ফলে আজ বিশ্বব্যাপী শতাধিক দেশে ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। অথচ বাংলাদেশ এখন পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ জাতীয় নীতিমালা চূড়ান্ত করতে পারেনি।
কাল শুক্রবার বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’।
এ কে আজাদ খান বলেন, দেশে বর্তমানে তিন লাখের বেশি মানুষ টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। নিয়মিত ইনসুলিন ছাড়া এই রোগীদের বেঁচে থাকা অসম্ভব। এদের কাছে ইনসুলিনই হচ্ছে মানবাধিকার। তিনি আরও জানান, ডায়াবেটিস সমিতির তরফ থেকে বছরে নয় কোটি টাকার ইনসুলিন বিনা মূল্যে দরিদ্র রোগীদের মাঝে বিতরণ করা হয়।
তরুণ প্রজন্মকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করে তুলতে হবে, উল্লেখ করে এ কে আজাদ বলেন, ফাস্টফুড ও কোমল পানীয়ের ক্ষতি সম্পর্কে তাদের বোঝাতে হবে। আর এর জন্য প্রয়োজন তাদের স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি আগ্রহী করে তোলা। এ ছাড়াও তিনি বলেন, একবার ডায়াবেটিস হলে তা আর ভালো হয় না, তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুস্থ থাকা যায়। আর এর জন্য নিয়মিত ওষুধ সেবন, পরিমিত খাবার গ্রহণ এবং সুশৃঙ্খল জীবনযাপন খুবই দরকার।
দিবসটি পালন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালে একটি র্যালি বের করা হয়। এ ছাড়াও ডায়াবেটিস সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করছে।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অধ্যাপক এম আর খান, মহাসচিব মো. সাইফ উদ্দিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল মজিদ ও ডেন্টাল সার্জারি বিভাগের সম্মানিক জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক অরূপ রতন চৌধুরী।