চূড়ান্তভাবে উচ্ছেদ হচ্ছে এসকে জাহাজভাঙা কারখানা
অবশেষে চূড়ান্তভাবে উচ্ছেদ করা হয়েছে সীতাকুেণ্ডর সোনাইছড়ি ইউনিয়নের সাগরকূলে উপকূলীয় বন বিভাগের গাছ কেটে নির্মাণ করা এসকে স্টিল ও এস কে শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং নামে দুটি জাহাজভাঙা কারখানা।
আদালতের নির্দেশে গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা, এলজিইডি, বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিরা। এ নিয়ে দ্বিতীয় দফায় চূড়ান্তভাবে সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান করেছিল প্রশাসন। উচ্ছেদকৃত ভূমিতে প্রায় সাত হাজার গাছ লাগায় উপকূলীয় বন বিভাগ। ২০০৯ সালে এই ইয়ার্ড দুটি স্থাপনের জন্য কাটা হয়েছিল ১৫ হাজার গাছ।
জানা গেছে, গত বছরের ৬ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বনভূমি ধ্বংস করে নির্মিত এই ইয়ার্ড দুটি উচ্ছেদ করে নতুনভাবে বনায়নের নির্দেশ দেন। গত ৩০ জানুয়ারি সুপ্রিম কোর্ট অপর এক আদেশে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ইয়ার্ড দুটির স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদের নির্দেশ দেন। ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো উচ্ছেদ অভিযান করেছিল প্রশাসন। ২৬ মে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ অপর এক আদেশে অবশিষ্ট স্থাপনাও উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। ওই স্থানে উপকূলীয় বন বিভাগকে বনায়নেরও নির্দেশ দেন।
আদালতের নির্দেশে গতকাল সকাল ইয়ার্ড দুটি চূড়ান্তভাবে উচ্ছেদ শুরু হয়। বিকেল চারটার দিকে প্রায় সবগুলো স্থাপনা উচ্ছেদ করার কাজ শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, ইয়ার্ড দুটিতে একটা টিন শেড গ্যাস সিলিন্ডার গোডাউন, দ্বিতল ভবন, একটি একতলা ভবন, একটি ওয়েল চেম্বার, পাঁচটি হুইঞ্চ ছিল। গতকাল এসব স্থাপনাই অপসারণ করা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ওই স্থানে গাছ লাগানোর কাজ শেষ হবে।
আবদুল্লাহ আল মামুন বলেন, আদালতের নির্দেশে অবশিষ্ট স্থাপনাও উচ্ছেদ করা হয়।