চূড়ান্ত করতে ঢাকায় আসছে ভারতীয় প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের আসাম থেকে মেঘালয় হয়ে ত্রিপুরায় জ্বালানি পরিবহনের বিষয়টি চূড়ান্ত করতে দু-এক দিনের মধ্যে ঢাকায় আসছে ভারতের একটি প্রতিনিধিদল। মানবিক কারণে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতের এই অনুরোধে সাড়া দিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিবহনের জন্য টনপ্রতি ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল নেওয়া হবে।
বন্যায় আসামের সীমান্তবর্তী রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় সম্প্রতি ত্রিপুরায় জ্বালানি পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুরোধ জানায় ভারত। সাধারণত আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং ও আসামের বরাক উপত্যকা হয়ে চুরাইবাড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় জ্বালানি তেল পাঠানো হয়। ভারতের প্রস্তাব অনুযায়ী, এখন জ্বালানিবাহী লরি আসাম থেকে মেঘালয়ে যাবে। এরপর জ্বালানিবাহী লরি মেঘালয়ের ডাউকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের তামাবিল হয়ে মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ত্রিপুরার কৈলাশহরে যাবে।
দুই দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে ত্রিপুরায় জ্বালানি পরিবহন শুরু হবে এবং তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দুই দেশের বিদ্যমান নৌ-প্রটোকলের বাইরে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে নতুন একটি পথে এই জ্বালানি পরিবহনের সিদ্ধান্ত হওয়ায় সমঝোতা স্মারকটি সই হবে। ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক জ্বালানি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) আসাম থেকে ত্রিপুরায় জ্বালানি পরিবহন করবে।
ত্রিপুরায় জ্বালানি পরিবহনের বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এ নিয়ে কাজ চলছে এবং দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো এটি সই করবে। আশা করছি, শিগগিরই এটি হবে।’
ভারতের হাইকমিশনার গতকাল বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের সম্পর্কের কিছু বিষয়ের মধ্যে ত্রিপুরায় পণ্য পরিবহনের বিষয়ে আলোচনা হয়।