পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা-সম্পর্কিত বিল চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বাংলাদেশ পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকরণ বিল-২০১১’ শীর্ষক বেসরকারি এই বিলটি গত ২৫ আগস্ট সংসদে উত্থাপন করেন সাংসদ সাবের হোসেন চৌধুরী। বিলের উদ্দেশ্য-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়নের লক্ষ্যে নিরস্ত্রীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তা ছাড়া জাতিসংঘ সনদে এবং এর বিভিন্ন কনভেনশনে পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা গৃহীত হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, পারমাণবিক অস্ত্রের যত্রতত্র ব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাবের প্রতিক্রিয়ায় জলবায়ুর পরিবর্তন রোধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশে এ বিল উত্থাপন করা হয়েছে।সূত্র জানায়, বিলটির ব্যাপারে কমিটির আগামী বৈঠকে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। গতকাল বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়, একই ধরনের একটি বিল প্রণয়নের কাজ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য হাফিজ আহমদ মজুমদার ও জুনাইদ আহমেদ। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং সাবের হোসেন চৌধুরী।