চূড়ান্ত কোনো ব্যাখ্যা খুঁজে পাননি তদন্তকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনারের ভেতর আটকা পড়ে দুই বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে পৌঁছানোর চূড়ান্ত কোনো ব্যাখ্যা খুঁজে পাননি তদন্তকারীরা। দেশটির সন্দেহজনক মৃত্যুর ঘটনা তদন্তকারী একটি আদালত গত সোমবার এ কথা জানিয়েছেন। সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনালের বন্দরকর্মীরা গত ১০ এপ্রিল বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আল আমিন ও দীন ইসলামকে উদ্ধার করেন। তাঁদের ডাক্তারের কাছে নেওয়া হলে আল আমিনকে মৃত ঘোষণা করা হয়। তবে দীন ইসলাম পরে সুস্থ হয়ে ওঠেন। তিনি দেশে ফেরার অপেক্ষায় বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।সরকারি তদন্ত কর্মকর্তা ইমরান আবদুল হামিদ জানান, ৩০ বছর বয়সী বাংলাদেশি শ্রমিক আল আমিনের লাশ এমনভাবে পচে গেছে যে তাঁর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া এখন আর সম্ভব নয়। আল আমিন কোনো রকম রোগে ভুগছিলেন কি না, ডাক্তারি পরীক্ষায়ও তা প্রমাণ করা যায়নি। তদন্তকারী ব্যক্তিরা আদালতকে বলেছেন, ওই দুই বাংলাদেশি ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে কাজ করছিলেন। সেদিন কাজ করতে করতে সন্ধ্যার পর বিশ্রাম নিতে তাঁরা কনটেইনারের ভেতরে যান এবং আটকা পড়েন। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া ডটকম ও স্ট্রেইট টাইমস।