বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তির খসড়া বাংলাদেশকে দিয়েছে মালয়েশিয়া। গতকাল বৃহস্পতিবার সেতু ভবনে মালয়েশীয় সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামোবিষয়ক বিশেষ দূত সামি ভেলু যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে আনুষ্ঠানিকভাবে খসড়ার কপি তুলে দেন।এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামি ভেলু ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।গত ১০ এপ্রিল কুয়ালালামপুরে মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক সই করে। গত ২৮ মে সামি ভেলুর নেতৃত্বে মালয়েশিয়া পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে ধারণা-প্রস্তাব দেয়।খসড়া গ্রহণ করার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, খসড়াটি যাচাই-বাছাই করা হবে। প্রথমে সরকার নিজেদের মধ্যে প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। তারপর মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করা হবে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সমঝোতায় পৌঁছানো গেলে অনতিবিলম্বে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে। চুক্তির পর কয়েক মাসের মধ্যেই নির্মাণকাজের উদ্বোধন করা যাবে বলে তিনি জানান।এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, মালয়েশিয়ার প্রস্তাবটি গ্রহণ কিংবা তাদের সঙ্গে আলোচনাকালে জাতীয়, অর্থনৈতিক এবং এ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে।পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগও চলছে বলে জানা গেছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংকের দেওয়া শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কমিশন পুনরায় তদন্তে নেমেছে। সম্প্রতি বিশ্বব্যাংক তদারকি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কানাডাভিত্তিক এসএনসি-লাভালিনকে পরামর্শক হিসেবে নির্বাচন করার কাজে দুর্নীতির তথ্য-প্রমাণসহ চিঠি দিয়েছে। এই চিঠির পরিপ্রেক্ষিতে দুদক মাঠে নেমেছে। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংক দুর্নীতির বিষয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছিল সরকারকে। এর পরই বিশ্বব্যাংকসহ দাতারা অর্থায়ন স্থগিত করেছে।বিশ্বব্যাংকের অর্থায়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের গতকাল সাংবাদিকদের বলেন, অর্থ মন্ত্রণালয় বিষয়টির সম্মানজনক সমাধানের চেষ্টা করছে। মালয়েশীয় সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি সইয়ের আগ পর্যন্ত বিকল্প পথ খোলা আছে। এখনো সমঝোতার দরজা বন্ধ হয়নি।