কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজ সোমবার শুরু হওয়া উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন র্যাবের গুলিতে পঙ্গু লিমন হোসেন।২০১১ সালের ২৩ মার্চ বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারান কলেজছাত্র লিমন। ওই বছরের ৫ এপ্রিল সহপাঠীরা যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিল, তখন ঢাকার পঙ্গু হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। নানা হয়রানি আর যন্ত্রণার মধ্যে ২০১২ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিলেন লিমন। এ বছর দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। পিরোজপুরের কাউখালী পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গতকাল রোববার কাউখালী উপজেলা সদরে লিমনের ভাড়া বাসায় বসে লিমন প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের ২৩ মার্চের ঘটনার পর মনে হয়েছিল, আমি আর কখনো লেখাপড়া করতে পারব না। লিমন বলেন, র্যাবের নির্মমতার কারণে আমার শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে গেছে। তার পরও মানুষের দোয়ায় এইচএসসি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় পাস করেছি। এবার এইচএসসি দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছি।’