ফরিদপুরে চরভদ্রাসনে স্কুলছাত্রী ধর্ষণজনিত মৃত্যুর মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নেননি ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান। আদালত মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি যুবলীগের নেতাসহ পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু ২৬ দিনেও থানায় পরোয়ানার কপি পৌঁছায়নি বলে দাবি করছে থানা কর্তৃপক্ষ।মামলার এজাহার সূত্রে জানা গেছে, চরভদ্রাসনের চর হাজীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রূপা আক্তারের (১৪) বাড়ি চর এলাকায় হওয়ায় বার্ষিক পরীক্ষায় সুষ্ঠুভাবে অংশ নেওয়ার জন্য স্কুলের সহকারী শিক্ষক ওকেল মাতুব্বরের ডাঙ্গি গ্রামের মো. বাবুল মাস্টারের (৪২) বাড়িতে অবস্থান করত। গত বছরের ২৮ অক্টোবর রাত ১১টার দিকে বাবুল মাস্টারের সহায়তায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহসানুল হক ওরফে মামুন (৩৫), আরোজখারডাঙ্গি গ্রামের মো. মুন্নাফ ফকির (৩২) ও চর হাজীগঞ্জের শেখ মো. ফরহাদ (২৫) রূপাকে ধর্ষণ করেন। অসুস্থ হয়ে পড়লে মামুন তাকে নেশাজাতীয় দ্রব্য জোর করে খাইয়ে দেন। এর ১৭ দিন পর গত ১৫ নভেম্বর সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে রূপার মৃত্যু হয়।এ ঘটনায় রূপার মা জয়গুন বেগম (৪০) চারজনকে আসামি করে ওই দিনই চরভদ্রাসন থানায় মামলা করেন। রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি শেখ মো. ফরহাদ ও মো. বাবুল মাস্টারকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা জামিনে আছেন। গত ২৭ মার্চ তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ‘ঘটনা সত্য নয়, রূপা মানসিক ভারসাম্যহীন ছিল’ মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। গত ১৩ জুলাই এ প্রতিবেদন নিয়ে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর আদালত চূড়ান্ত প্রতিবেদন বাতিল করে দেন। ওই দিনই আদালত স্বতঃপ্রণোদিত সিদ্ধান্তে এজহারভুক্ত সব আসামিকে আমলে নিয়ে মামলার কার্যক্রম শুরু করেন এবং দুই পলাতক আসামি মামুন ও মুন্নাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৪ জুলাই আদালত গ্রেপ্তারি পরোয়ানা ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পাঠান। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৬ আগস্ট।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি দুই আসামির নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এ-সংক্রান্ত কাগজপত্র গত মঙ্গলবার পর্যন্ত আমরা পাইনি।’ চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ না করার ব্যাপারে তিনি বলেন, ‘যা পেয়েছি, সেটাই প্রতিবেদনে এনেছি। আদালতের ক্ষমতা আছে প্রতিবেদন বাতিল করার, পুনর্তদন্তের আদেশ দেওয়ার কিংবা মামলাটি আমলে নেওয়ার। এ ব্যাপারে আমার কী বলার আছে?’এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহসানুল হক বলেন, ‘বাদী কোনো নারাজি দেননি। বিচারকই প্রতিবেদনটি গ্রহণ না করে আমাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কোন দিক দিয়ে কী হয়ে গেল, বুঝতে পারছি না। আমি হাইকোর্ট থেকে জামিন নেওয়া চেষ্টা করছি।’ওই আদালতের সরকারি কৌঁসুলি মো. বাবু মোল্লা বলেন, শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গিয়েছিল। এ ছাড়া পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে যাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তাঁদের ভাষ্যের মধ্যে মিল ছিল না।