পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চিকিৎসক মাকলুকুর রহমান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানিয়েছেন মামলার বাদী। বাদী এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার আবেদন করেছেন। আদালত ২৯ ডিসেম্বর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।
বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) মাকলুকুর রহমান ২০১৩ সালের ৬ ডিসেম্বর অন্য সহকর্মীদের সঙ্গে গরিব রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য পটুয়াখালীর গলাচিপায় আসেন। তিনি ও তাঁর সঙ্গীরা গলাচিপা পৌরসভার সামুদাবাদ সড়কে মো. গোলাম মোস্তফার বাড়িতে ওঠেন। বাড়িটি বেসরকারি সংস্থাটির অস্থায়ী কেন্দ্র। ৬ ডিসেম্বর বেলা ১১টার পর থেকে মাকলুকুরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৮ ডিসেম্বর বিকেলে বাড়ির পেছনের দিকের পুকুর থেকে মাকলুকুরের লাশ উদ্ধার করে পুলিশ। মাকলুকুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চৌবাড়িয়ায়।
এ ঘটনায় নিহত মাকলুকুরের মামা বরিশালের আজগর আলী খান বাদী হয়ে ২০১৪ সালের ২১ জানুয়ারি গলাচিপা থানায় মামলা করেন। মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের উপপরিচালক মিজানুর রহমান, বাড়ির মালিক মো. গোলাম মোস্তফাসহ ১০ জনকে আসামি করা হয়।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার মো. মামুন রানা গত ২২ নভেম্বর জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে হত্যাকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট কোনো সাক্ষী ও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তাই আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানানো হয়।
কিন্তু বাদী আজগর আলী খান ১ ডিসেম্বর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আপত্তি জানান। তিনি বিচার বিভাগীয় তদন্ত করার আবেদন করেন। আদালতের বিচারক রাজীব কুমার রায় আবেদনটি গ্রহণ করে ২৯ ডিসেম্বর এর ওপর শুনানির দিন ধার্য করেন।
আজগর আলী বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ নিরপেক্ষভাবে এ হত্যা মামলার তদন্ত করেনি। তাই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।