চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের ‘অপহরণ’ ঘটনার ‘সত্যতা’ না পাওয়ায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তবে এর আগে তদন্তের কিছু বিষয় খোলাসা করতে ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে পুলিশের পক্ষ থেকে অপহরণের ঘটনাটিকে ‘নাটক’ বলা হলেও ফরহাদ মজহার এ বিষয়ে গতকাল পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এদিকে অপহরণের ঘটনায় আদালতে জবানবন্দি দেওয়ার পর সেই নারীর পরিবার বিপাকে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গতকাল রোববার পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাঁদের তদন্তে ফরহাদ মজহার অপহৃত হয়েছিলেন এমন কোনো তথ্য তাঁরা পাননি। তাই এ ঘটনায় করা মামলায় কোনো ধরনের ‘অভিযোগপত্র’ দেওয়ার কথা তাঁরা ভাবছেন না। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রস্তুতিই নিচ্ছেন তাঁরা। তবে এর আগে তদন্তের কিছু বিষয় পরিষ্কার ও খোলাসা করতে তাঁরা ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদ করবেন। ওই কর্মকর্তা বলেন, ফরহাদ মজহার পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করলে তাঁরা আইনি ব্যবস্থার দিকে যাবেন।

ফরহাদ মজহার ৩ জুলাই ভোরে ঢাকার শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ‘অপহৃত’ হন বলে তাঁর স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় অভিযোগ করেন। পুলিশ মুঠোফোন অনুসন্ধান শুরুর পর ওই দিন রাতেই যশোরে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস থেকে ফরহাদ মজহারকে নামিয়ে আনে। পরদিন ঢাকায় গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার বলেছিলেন, ভোরে ওষুধ কেনার জন্য তিনি বাসা থেকে বের হলে কয়েকজন একটি মাইক্রোবাসে করে তাঁকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বলেন, তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তাঁদের মনে হয়েছে যে ফরহাদ মজহার নিজেই খুলনায় গিয়েছিলেন, অপহরণের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের মহাপরিদর্শকের এমন মন্তব্যের পরও ফরহাদ মজহার এ বিষয়ে গতকাল পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দেশজুড়ে চলা অপহরণের শেষ শিকার তিনি।