চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কল্পনা চাকমা অপহরণ ঘটনার বিষয়ে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন বড় ভাই কালিন্দী কুমার চাকমা। এ ব্যাপারে আদালতে আনুষ্ঠানিক আপত্তি জানানোর কথা জানিয়েছেন তিনি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আজ বুধবার এ ব্যাপারে আদালতে প্রথম শুনানি হবে।বাঘাইছড়ি থানা ও রাঙামাটি জজ আদালত সূত্রে জানা গেছে, কল্পনা চাকমা অপহরণের প্রায় ১৪ বছর পর গত ২১ মে তদন্ত কর্মকর্তা বাঘাইছড়ি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আহমেদ রাঙামাটি বিচারিক হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের ওপর কোনো আপত্তি আছে কি না তা জানাতে মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমাকে আজ বিচারিক হাকিমের আদালত তলব করা হয়েছে।কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন রাতে বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার বাড়ি থেকে অপহূত হন। ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়। কমিশন কল্পনা চাকমার পরিবারের সদস্য, সেনাবাহিনী ও ভিডিপির কয়েকজন সদস্যের সাক্ষ্য গ্রহণ করে। তবে পরে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে হিল উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, তদন্তের সময় কল্পনা চাকমার আরেক বড় ভাই লাল বিহারি চাকমা ঘটনায় জড়িত তিন ব্যক্তির নাম (তদন্ত প্রতিবেদনে কারও নাম উল্লেখ নেই) বললেও অন্য সাক্ষীরা ঘটনায় জড়িত কারও নাম-ঠিকানা প্রকাশ করেননি। তদন্তের সময় কারও বিরুদ্ধে অপহরণ ঘটনাটি প্রমাণের মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ভিকটিমকেও (কল্পনা চাকমা) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় কল্পনা চাকমা অপহূত হয়েছেন। কিন্তু কার দ্বারা অপহূত হয়েছেন তা উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে নির্ণয় করা সম্ভব নয়। কারও বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করার কোনো কারণ নেই বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে কালিন্দী কুমার চাকমা বলেন, ‘মামলার বাদী হিসেবে আমাকে দেখানো হলেও আমি থানায় কোনো মামলা করিনি। ওই সময় ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কাছে ঘটনার বর্ণনা দিয়েছিলাম এবং সেখানে স্বাক্ষর করেছিলাম।’ তিনি বলেন, ‘আদালতে হাজির হয়ে প্রতিবেদনের ওপর মতামত দিতে তলব করার পর জানতে পেরেছি আমি মামলার বাদী।’ বাঘাইছড়ি থানার পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদ চট্টগ্রামের বাকলিয়া থানায় বদলি হয়ে গেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম উদ্দিন স্বীকার করেন, ‘কল্পনা চাকমার অপহরণ ঘটনা সত্য হলেও প্রমাণ করার মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।’