চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আদেশ ৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলবাহী ট্রাক জব্দ করার মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আগামী ৮ অক্টোবর আদেশ দিতে পারেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে শুনানি হয়। পরে আদালত আগামী ৮ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগরের টেক্সটাইল মোড় এলাকা থেকে গত ৪ আগস্ট সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডের ভাড়া করা তেলবাহী ট্রাক জব্দ করে পুলিশ। খোলাবাজারে বিক্রি-নিষিদ্ধ তেল পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লুৎফুন্নেছা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়। মামলার পর ট্রাকে থাকা তেলের নমুনা পরীক্ষার জন্য ইস্টার্ন রিফাইনারিতে পাঠানো হয়। কিন্তু সেখান থেকে প্রতিবেদন আসার আগেই গত ২০ আগস্ট মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এতে আসামিদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানি হয়। শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত ৮ অক্টোবর এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।