২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় মোট পাঁচ হাজার ৬২ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৭২২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফলাফল পাওয়া যাবে। ২৯তম বিসিএস পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ২৩ হাজার ৯৪৯ জন। প্রাথমিক ও লিখিত পরীক্ষার পর মোট সাত হাজার ২১৭ জন প্রার্থীকে মোখিক পরীক্ষায় ডাকা হয়। গত বছরের ১৭ আগস্ট থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ছয় হাজার ৫২৩ জন প্রার্থী অংশ নেন। ৬৯৪ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৬২ জন। তথ্য-বিভ্রাট ও প্রশাসনিক কারণে ৪৮ জনের ফলাফল স্থগিত করা হয়েছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত ফলাফলে বলা হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও পদসংখ্যা কম বলে সবাইকে ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি। গতকালের ফলাফলে এক হাজার ৭২২ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পুরুষ এক হাজার ২৩২ এবং মহিলা ৪৯০ জন। এবার প্রাধিকার কোটার বিপরীতে পূরণকৃত আসন ৭৯২। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ৫৩৮, মহিলা কোটায় ৮১ এবং উপজাতীয় কোটায় ১১১ জন। পিএসসি বলছে, যাঁদের ক্যাডার পদে সুপারিশ করা যায়নি, তাঁদের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা অনুযায়ী ধারাবাহিকভাবে পরে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে। তবে নিয়োগের কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।