চূড়ান্ত ফলাফলে অসংগতির অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ছয়টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে অসংগতি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের অভিযোগ, একই পরীক্ষার্থীর রোল নম্বর নিয়মবহির্ভূতভাবে একাধিক বিদ্যালয়ের ভর্তির তালিকায় পাওয়া গেছে। আবার একই পরীক্ষার্থীর নাম একই বিদ্যালয়ের তালিকায় দুবার স্থান পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফলাফল বাতিল ও আবার পরীক্ষা নেওয়ার দাবিতে অভিভাবকেরা গতকাল রোববার রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।সকালে শতাধিক অভিভাবক ও পরীক্ষার্থী রাজশাহী শহরের পিএন গার্লস স্কুলের সামনে মানববন্ধন শেষে প্রধান শিক্ষিকা শারমিন সুলতানার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা সেখান থেকে নগরের জিরো পয়েন্টে গিয়ে আবার মানববন্ধন ও সমাবেশ করেন।ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীর মা নাসিমা খাতুন বিক্ষোভ সমাবেশে বলেন, ‘মাইকে আমার সন্তানকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। ঘোষণা শোনার পর বাড়িতে গিয়ে অনেককেই মিষ্টিমুখ করিয়েছি। কিন্তু প্রকাশিত তালিকায় আমার ছেলের নাম নেই। এটা কীভাবে হতে পারে? এই ফল আমি মানি না। ফলাফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়া হোক।’