চে গুয়েভারা ছিলেন শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চে গুয়েভারা ছিলেন শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে চে এখনো প্রেরণার উৎস হয়ে আছেন। তাঁর সেই অসাম্প্রদায়িক এবং পুঁজিবাদবিরোধী চেতনাকে ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মধ্যে। তারাই এগিয়ে নেবে আগামী দিনের শোষণমুক্ত সমাজের আন্দোলনকে। চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে নগরের ডিসি হিল প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম। স্বাগত বক্তব্য দেন চে গুয়েভারা মৃত্যুবার্ষিকী পালন কমিটির চেয়ারম্যান মো. আতিক ও আহ্বায়ক শিহাব চৌধুরী। চে সংহতি ঘোষণা করেন কমিটির সদস্যসচিব শাহরিয়ার পারভেজ।আলোচক হিসেবে ছিলেন সাংবাদিক-প্রাবন্ধিক মশিউল আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাফি রতন, গণসংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, রাকসুর সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক বৃত্বা রায় প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান করেন মাহমুদুজ্জামান বাবু ও তাঁর দল মৃত্তিকা। আবৃত্তি করেন শিমুল মোস্তফা ও বৃন্দ আবৃত্তি করেছে প্রমা আবৃত্তি সংগঠন। পরে গণসংগীত পরিবেশন করে চারণ সাংস্কৃতিককেন্দ্র, চট্টগ্রাম। সবশেষে চে গুয়েভারার জীবন ও কাজ নিয়ে চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র দেখানো হয়।