চে বেঁচে থাকবেন আমাদের চেতনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চে গুয়েভারার জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, চে মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি অন্য এক আলো প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন পৃথিবীর দেশে দেশে। সে আলো ছিল শোষণমুক্ত সুন্দর সমাজের। চে কখনো মরতে পারেন না। চেরা কখনো মরেন না। তিনি বেঁচে থাকবেন আমাদের চেতনায়।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ।

সভায় সভাপতিত্ব করেন সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ। বক্তব্য দেন আলেক্স আলীম, সৌরভ চৌধুরী, দ্বৈপায়ন বড়ুয়া, দ্বৈপায়ন পালিত প্রমুখ।

সভায় বক্তারা আরও বলেন, চে গুয়েভারা চিকিৎসক ছিলেন। কিন্তু তিনি শুধু মানুষের চিকিৎসা করেননি, তিনি সমাজ পরিবর্তনেরও চিকিৎসক ছিলেন। কোনো রকম বিচার ছাড়াই তাঁকে হত্যা করা হয়েছিল। কারণ, শাসকগোষ্ঠী বুঝে গিয়েছিল, চে বেঁচে থাকলে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ বেঁচে থাকবে না। এর পরও চের চেতনা পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে গেছে। আলোচনা সভার পরে গান, আবৃত্তি ও মূকাভিনয়ের আয়োজন করা হয়।