চে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ধানমন্ডির রবীন্দ্রসেরাবরে চে সংহতি আয়োজিত অনুষ্ঠানে গবেষক বিনায়ক সেন বক্তব্য রাখছেন l ছবি: প্রথম আলো
গতকাল ধানমন্ডির রবীন্দ্রসেরাবরে চে সংহতি আয়োজিত অনুষ্ঠানে গবেষক বিনায়ক সেন বক্তব্য রাখছেন l ছবি: প্রথম আলো

‘আসতা লা ভিকতোরিয়া সিয়েপ্রে’ অর্থাৎ ‘বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো’-চে’র অবিস্মরণীয় বাণী বিশাল পোস্টারে। আর পোস্টারে চে’র চিরচেনা ছবিটিও যেন জীবন্ত। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে ছিল সেই পোস্টার, সামনে অনেক তরুণের উপস্থিতি।
গতকাল শুক্রবার বিপ্লবী নেতা আর্নেস্টো চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চে সংহতি আয়োজন করেছিল স্মরণসভার। গান, আবৃত্তি আর আলোচনা অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েই শুরু হয়েছিল অনুষ্ঠান। কিন্তু বৃষ্টি অনুষ্ঠান এগোতে দেয়নি।
আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, ‘বর্তমানে আমরা এতটাই ব্যস্ত যে নির্যাতিত মানুষকে নিয়ে ভাবার সময় নেই। চে’র জীবনে এ রকম বাস্তবতা ছিল না। শোষিত মানুষের পক্ষে দাঁড়াতে তিনি দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়িয়েছেন, লড়াই করেছেন।’
তিনি আরও বলেন, চে এমন আধুনিকতা চেয়েছেন যেখানে মানবিকতা হারাবে না। কিন্তু বর্তমান আত্মকেন্দ্রিক বিশ্বে সামষ্টিক বোধই নেই, মানবিকতাই হারিয়ে গেছে। পুঁজিবাদ আধুনিক হয়েছে, কিন্তু মানবিক হতে পারেনি।
স্বাগত বক্তব্যে শিল্পী মাহমুদুজ্জামান বাবু বলেন, চে’র সংগ্রামের কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৮ সাল থেকে এই মঞ্চে আয়োজনটি করা হচ্ছে। ৯ অক্টোবর ছিল চে’র মৃত্যুবার্ষিকী। ওই সময় ঈদ ও পূজা থাকায় দুই সপ্তাহ পর এ আয়োজন করা হয়।
বিনায়ক সেনের বক্তব্যের একপর্যায়ে বৃষ্টি নামে। অনুষ্ঠান আর শুরু করা যায়নি।