পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
চেইন অব কমান্ড সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ

সুশৃঙ্খল বাহিনী পরিচালনায় চেইন অব কমান্ড সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গতকাল শনিবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে তাঁরা এ গুরুত্বারোপ করেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর ভাষণে দায়িত্ব পালনের ক্ষেত্রে চেইন অব কমান্ড মেনে চলতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব ও গুরুত্ব বিবেচনা করে পিজিআর এখন একটি পৃথক রেজিমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকারপ্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের ওপর পড়েছে। তিনি বলেন, রেজিমেন্টকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেননা বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ তাঁরা খুব কম পেয়ে থাকেন।
আবদুল হামিদ বলেন, রেজিমেন্টের কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে। কাজের চাপ কমাতে ইতিমধ্যে জনবল বৃদ্ধি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে সুশৃঙ্খল বাহিনী পরিচালনায় চেইন অব কমান্ড সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, কার্যকরী কমান্ড চ্যানেল সেনাবাহিনীতে যেকোনো কাজ সমাধানে মুখ্য ভূমিকা রাখে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সকল স্তরের কমান্ডারদের প্রতি শ্রদ্ধাবোধ ও তাঁদের প্রতি অনুগত থাকলে যেকোনো কাজ দক্ষতা, শৃঙ্খলা ও নিপুণতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব।’
প্রধানমন্ত্রী আশা করেন, কমান্ডাররা তাঁদের অধীনস্থদের প্রতি সবসময়ই প্রয়োজনীয় মনোযোগ বজায় রাখবেন। তিনি বলেন, সামরিক জীবনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জিত হয় এবং নৈপুণ্য নিশ্চিত করা যায়। সঠিক প্রশিক্ষণ সবাইকে পেশাগত জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে।
ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে বর্তমান সরকার সর্বক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সব ক্ষেত্র ও প্রতিষ্ঠানের ন্যায় পিজিআর তার দায়িত্ব পালনে তথ্যপ্রযুক্তির ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী বলেন, পিজিআর সদস্যদের নিরলস পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে ‘গার্ড রেজিমেন্ট’ আজ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে সুসংহত ও সর্বজন প্রশংসিত।
গার্ড সদস্যদের জন্য তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁদের সরকারই সর্বপ্রথম ১৯৯৮ সালে গার্ডস সদস্যদের ঝুঁকির কথা বিবেচনা করে গার্ডস ভাতার প্রচলন করে। বিগত বছরে গণভবনের নিরাপত্তায় নিয়োজিত অবস্থানকারী গার্ডস সদস্যদের জন্য একটি শীতাতপনিয়ন্ত্রিত মসজিদ নির্মাণ করা হয়েছে।
সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক এবং শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন, তাঁর সরকার সবই করবে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মুহম্মদ ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মুহাম্মদ সফিউল হকসহ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।