চেইন চুরির অভিযোগে অমানুষিক নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নতুন বাজারের মৃধা বাড়িতে এক গৃহিণীর সোনার চেইন চুরির অভিযোগে আবদুল আলিম (৩৫) নামের এক রিকশাচালকের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের পর তাঁকে হাসপাতালেও ভর্তি হতে দেওয়া হয়নি। পরে পুলিশ গত বুধবার রাত ১০টার দিকে তাঁকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভুক্তভোগী ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার শহরের নতুন বাজার মৃধা বাড়িতে কামাল মৃধার স্ত্রীর একটি সোনার চেইন ও মুঠোফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিকশাচালক আবদুল আলিমকে রাত ১২টার দিকে কামালের লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাঁকে বেঁধে রেখে দুই পায়ের দুই আঙুলে পেরেক ঢুকিয়ে দেওয়া ও গরম দা দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। পরে আলিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর স্ত্রী আয়েশা আক্তার সুদের ওপর আট হাজার টাকা দিয়ে ও বাকি টাকা পরে দেওয়ার অঙ্গীকার করে মঙ্গলবার দুপুরে তাঁকে বাড়ি নিয়ে যান।আয়েশা আক্তার জানান, তাঁর স্বামী কাজ করতে না পারায় তিন দিন যাবৎ তাঁদের ঘরে এক ছটাক চালও নেই। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁরা উপোস আছেন। আলিমকে হাসপাতালে নিতে চাইলেও নির্যাতনকারীদের ভয়ে তা পারেননি।নির্যাতনকারীদের একজন মো. মামুন বলেন, ‘আলিম চুরি করেছে, এ জন্য তাকে নির্যাতন করা হয়েছে। আমরা চোরকে মেরেছি, ভালো মানুষ তো মারিনি। সে স্বীকারোক্তি দেওয়ায় চুরি করা চেইন বাবদ আমাদের আট হাজার টাকা দেয়।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, আলিমকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আইনকে নিজ হাতে নিয়ে নির্যাতনকারীরা জঘন্য অপরাধ করেছেন। এ ঘটনায় আয়েশা বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনায় সঙ্গে জড়িত থাকার অপরাধে কামাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।