চেইন টেনে ট্রেন থামিয়ে...
হঠাৎ টান পড়ল জরুরি চেইনে। থেমে গেল ট্রেনটি। দুর্ঘটনা ঘটেছে মনে করে রেল পুলিশ দ্রুত ছুটে গেল ট্রেনটির কাছে। কিন্তু দেখা গেল কোনো দুর্ঘটনা নয়। কোনো যাত্রী জরুরি চেইন টেনে ট্রেন থামিয়ে পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন হঠাৎ সীতাকুণ্ড রেলস্টেশনের বাইরে থেমে যায়। এ সময় কয়েকজন যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, মহানগর প্রভাতী সীতাকুণ্ড স্টেশনে থামে না। কিন্তু ওই সময় ট্রেনটি থেমে যায়। পরে জানা যায়, কোনো যাত্রী চেইন টেনে ট্রেন থামিয়ে পালিয়ে যান।
রেলওয়ে সূত্র জানায়, ১০ মিনিট পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।