চেক চুরির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক চুরির মামলায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, গত বছরের ১৮ সেপ্টেম্বর নগরের মুরাদপুর এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সরোয়ারের বন্ধু মো. শহীদুল্লাহের তিনটি চেক চুরি হয়। তিনি বাদী হয়ে থানায় একটি জিডি করেন। পরে ওই চেকগুলো দিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে সরোয়ারকে শনাক্ত করা হয়। ২১ সেপ্টেম্বর সরোয়ারের বিরুদ্ধে আদালতে মামলা হয়। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।