চেক জালিয়াতি করে তোলা টাকা জমা দিলেন নেতা
চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলমের হিসাব থেকে চেক জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়া ৩২ লাখ ৮৭ হাজার ২০৩ টাকা আবার ওই হিসাবে জমা দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতাদের নির্দেশে যুবলীগের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম ওই টাকা জমা দেন।টাকা জমা দেওয়ায় আরেফিন আলম অপর যুবলীগ নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগ গতকাল সোমবার প্রত্যাহার করে নেন।জানা গেছে, আরেফিন আলম তাঁর ব্যবসায়িক অংশীদার সিরাজুল ইসলামের বিরুদ্ধে ৫ এপ্রিল সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘তাঁর ব্যক্তিগত হিসাব (চলতি হিসাব নং ৩২৭৭) থেকে সিরাজুল ০৮৪২৪৩৩ নম্বর চেকে স্বাক্ষর জালিয়াতি করে ৫ এপ্রিল ৩২ লাখ ৮৭ হাজার ২০৩ টাকা তুলেছেন।’ এ বিষয় নিয়ে ৭ এপ্রিল প্রথম আলোতে ‘চেক জালিয়াতি করে ৩২ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।এ ঘটনা জানতে পেরে আওয়ামী লীগের নেতারা আরেফিন ও সিরাজুলের সঙ্গে আলাদাভাবে একাধিক বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সিরাজুল গত রোববার বিকেলে ৩২ লাখ ৮৭ হাজার ২০৩ টাকা আরেফিনের হিসাবে জমা দেন। টাকা জমা দেওয়ার পর আরেফিন গত সোমবার সোনালী ব্যাংকে গিয়ে আবেদন জমা দিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেন।আরেফিন আবেদনে উল্লেখ করেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী রঞ্জু কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী, ৫ এপ্রিল আমার চলতি হিসাব নম্বর থেকে ৩২ লাখ ৮৭ হাজার ২০৩ টাকা অনিয়মতান্ত্রিকভাবে উত্তোলন করা হয়েছে যে আবেদনপত্র দাখিল করেছিলাম, তা আমার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ব্যবসায়িক বিষয়াবলি নিয়ে মতদ্বন্দ্ব হয়েছিল, তা নিজেদের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় আবেদনপত্রটি প্রত্যাহার করে নিচ্ছি।’সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক টাকা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সিরাজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।