চেক জালিয়াতি করে ৩২ লাখ টাকা তুলে নেওয়ার অভিযাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দুই নেতা পরস্পরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। তাঁদের একজনের বিরুদ্ধে চেক জালিয়াতি করে ব্যাংক থেকে ৩২ লাখেরও বেশি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংক কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম ও সদস্য সিরাজুল ইসলাম ব্যবসায়িক অংশীদার। আরেফিন গত মঙ্গলবার সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাঁর ব্যক্তিগত হিসাব (চলতি হিসাব নং ৩২৭৭) থেকে ব্যবসায়িক অংশীদার সিরাজুল ০৮৪২৪৩৩ নম্বর চেকে স্বাক্ষর জালিয়াতি করে ওই দিন ৩২ লাখ ৮৭ হাজার ১০৩ টাকা তুলেছেন। এ ঘটনায় ব্যাংকের কিছু কর্মকর্তা জড়িত বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। অভিযোগ পাওয়ার পর ব্যাংকের চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহজাহান আলী গতকাল বুধবার চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক বদর উদ্দিনকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। যোগাযোগ করা হলে বদর উদ্দিন জানান, যথাযথ নিয়ম মেনে এবং স্বাক্ষর পরীক্ষা করেই চেক বহনকারীকে টাকা দেওয়া হয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিরাজুল ইসলাম জানান, আরেফিনের স্বাক্ষরে এবং তাঁর উপস্থিতিতেই তিনি টাকা তুলেছেন। সিরাজুল পাল্টা অভিযোগে বলেন, গত মঙ্গলবারই তাঁদের ঠিকাদারি দুটি কাজের বিপরীতে মোট ২৯ লাখ ৭৪ হাজার টাকার বিল উত্তোলন করা হয়। সেই টাকা আরেফিন আত্মসাৎ করেছেন। তবে সিরাজুলের এই অভিযোগ অস্বীকার করে আরেফিন বলেন, ‘ওই টাকা সিরাজুল ও আমার যৌথ ব্যাংক হিসাবে রয়েছে।’