চেক জালিয়াতির মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম। গতকাল মঙ্গলবার কুমিল্লার প্রধান বিচারিক হাকিম মো. হেমায়েত উদ্দিন মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে তাঁকে ওই মামলা থেকে অব্যাহতি দেন।
আদালত সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে খোরশেদ আলম কুমিল্লার চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সহসভাপতি ছিলেন। সহসভাপতির দায়িত্ব পালনের সময় চেক জালিয়াতির মাধ্যমে তিনি ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ এনে চান্দিনা থানায় মামলা করেন ওই মাদ্রাসার শিক্ষক কামরুজ্জামান ফারুক। ২০১১ সালে দায়ের করা মামলায় খোরশেদ আলম ও মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম মাইনুদ্দিন সিরাজীকে আসামি করা হয়। দীর্ঘ সময় ওই অভিযোগের কোনো সত্যতা না পেয়ে আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।
এ বিষয়ে খোরশেদ আলম গতকাল সন্ধ্যায় বলেন, ‘মামলার বাদী কামরুজ্জামান ফারুক একই সঙ্গে শিক্ষকতা ও আইন পেশায় জড়িত ছিলেন। একসঙ্গে দুই পেশায় জড়িত থাকার অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এরপর রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। আদালতে অভিযোগটি বাদী ও তাঁর আইনজীবীরা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি। ফলে মামলা থেকে আমি অব্যাহতি পাই। বিচারক মামলাও খারিজ করে দেন।’
এ প্রসঙ্গে মামলার বাদী কামরুজ্জামান ফারুক বলেন, ‘মাদ্রাসা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আমি মামলা করি। এ মামলা থেকে বিএনপির নেতা ও অধ্যক্ষ দুজনই খালাস পান।’