চেক প্রতারণা, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে পুলিশ গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, উপজেলা সদরের একটি ব্যাংকের সামনে থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।গত ২২ ফেব্রুয়ারি ফেনীর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জেবুন্নাহার আয়েশা আসামি গিয়াস উদ্দিনকে এক বছরের কারাদণ্ড ও ব্যাংক চেকের সমপরিমাণ টাকা (১৫ লাখ) জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকে গিয়াস উদ্দিন পলাতক ছিলেন।আদালত সূত্র জানায়, গিয়াস উদ্দিন তাঁর ভগ্নিপতি শহীদুল্লার মালিকানাধীন ৯৭৩ শতক জমি বিক্রি করার জন্য ফেনী শহরের পাঠানবাড়ী রোডের কবির আহম্মদ পাটোয়ারীর সঙ্গে দরদাম ঠিক করেন। এরপর জমির দাম বাবদ কবির আহম্মদ পাটোয়ারী ব্যাংক চেকের মাধ্যমে গিয়াস উদ্দিনকে ১২ লাখ টাকা দেন। টাকা পাওয়ার পর ৭৩০ শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও গিয়াস উদ্দিন গড়িমসি শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস হলে গিয়াস উদ্দিন জানান, তিনি আর জমি বিক্রি করবেন না। পরে সালিসের রায় অনুযায়ী গিয়াস উদ্দিন ওই টাকার ব্যাংক সুদসহ কবির আহম্মদকে ১৫ লাখ টাকার একটি চেক দেন। কবির আহম্মদ চেকটি একাধিকবার তাঁর ব্যাংক হিসাবে জমা দেন। কিন্তু চেকটি প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়।পরে কবির আহম্মদ গত বছরের ১৭ ফেব্রুয়ারি গিয়াস উদ্দিনকে আইনি নোটিশ দেন। ওই নোটিশ পেয়ে তিনি প্রথমে টাকা পরিশোধ করার কথা দিলেও পরে কবির আহম্মদের সঙ্গে লেনদেনের বিষয়টি অস্বীকার করেন এবং টাকা দেবেন না বলে জানিয়ে দেন।কবির আহম্মদ গত বছরের ২০ মার্চ ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলাটি পরে ফেনীর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতে স্থানান্তর করা হয়। আদালত ২২ ফেব্রুয়ারি রায় দেন।