চেক প্রতারণা মামলায় ঠিকাদার কারাগারে
নীলফামারীতে প্রতারণা মামলায় খোরশেদ আলম নামে এক ঠিকাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার দুই বছর পর গত রোববার বিকেলে আদালতে আত্মসমর্পণ করতে আসেন খোরশেদ আলম। বিচারিক হাকিম সামিউল ইসলাম তাঁকে কারাগারে পাঠান।
মামলার সংক্ষিপ্ত সূত্রমতে, রংপুরের আলম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক খোরশেদ ২০০৬ সালে নীলফামারীর উত্তরা মিলস নামের একটি প্রতিষ্ঠান থেকে ২৮০ ড্রাম বিটুমিন কেনেন। এর মূল্য বাবদ তিনি ওই বিক্রেতা প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকার একটি চেক দেন। কিন্তু উত্তরা মিলসের মালিক ওই চেেক ব্যাংক থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ২০০৯ সালে নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। তৎকালীন বিচারক আরিফা ইয়াসমীন ২০১৩ সালে ওই ঠিকাদারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওই রায়ের দুই বছর পর ঠিকাদার খোরশেদ গত রোববার আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাঁকে কারাগারে পাঠান।