চেক প্রতারণার মামলায় রফিউর রাব্বির জামিন
চেক প্রতারণার মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাব্বির আপিলের আবেদন (লিভ টু আপিল) শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে রাব্বির পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। বাদীপক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম।
জালাল উদ্দিন আহম্মেদ নামে এক ব্যবসায়ী ২০১২ সালে রাব্বির বিরুদ্ধে ৭০ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় ২০১৪ সালে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাব্বি হাইকোর্টে আপিল করেন। গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রাব্বির আপিল খারিজ করেন। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২৯ মার্চ নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ওই দিন আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
গতকাল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাব্বির আপিলের অনুমতি চেয়ে আবেদনের ওপর শুনানি হয়। তখন তাঁর জামিনের আরজিও জানানো হয়।
খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, শুনানি শেষে চেম্বার আদালত ২০১৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত রাব্বিকে জামিন দেন। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তাঁর লিভ টু আপিল শুনানির জন্য রাখা হয়েছে।