চেক প্রত্যাখ্যানের মামলায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রত্যাখ্যান হওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক আনসার ও ভিডিপি কর্মকর্তা সুফিয়া খাতুনকে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার ময়মনসিংহের প্রথম যুগ্ম জেলা জজ এস এম রেজা জাকের এই রায় প্রদান করেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপির কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় বিভিন্ন এলাকার ১১ ব্যক্তিকে আনসার বিভাগে চাকরি প্রদানের আশ্বাস দিয়ে ২০১২ সালে প্রায় ১৮ লাখ টাকা নেন সুফিয়া খাতুন। ওই বছরের জুলাইয়ে তিনি বদলি হয়ে ঈশ্বরগঞ্জ থেকে হালুয়াঘাট উপজেলায় যোগদান করেন।

উপজেলার বড়হিত ইউনিয়নের ইউসুফ আলী বলেন, হালুয়াঘাটে এক সালিসে ওই কর্মকর্তা স্বপন নামে এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ৬ লাখ ৬২ হাজার টাকা ফেরত দেন। বাকি ১১ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ইউসুফ জানান, তিনি চেকটি ময়মনসিংহ সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ লিখিতভাবে হিসাবটি চালু নয় বলে তাঁকে জানিয়ে দেয়।

প্রতারণার শিকার ইউসুফ আলী বাদী হয়ে চেক প্রত্যাখ্যানের অভিযোগে আদালতে সুফিয়া খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইউসুফের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, আদালত গতকাল সুফিয়া খাতুনের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। সুফিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।