চেক প্রত্যাখ্যানের ৮ মামলায় আসলাম চৌধুরী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের চেক প্রত্যাখ্যানের আটটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের এই আদেশ দেন।

ইসরায়েলের রাজনীতিবিদদের সঙ্গে মিলে বাংলাদেশ সরকার উৎখাতের অভিযোগের মামলায় গত ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। পূবালী ব্যাংক চট্টগ্রামের সিডিএ করপোরেট শাখার করা আটটি মামলায় তিনি পলাতক ছিলেন।

আসলাম চৌধুরীর আইনজীবী আবদুস সাত্তার জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা ছিল না। ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর চেক প্রত্যাখ্যানের আটটি মামলায় চট্টগ্রামে আদালতে হাজির করা হয়। আদালত আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর জামিনের আবেদন করা হয়নি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসলাম চৌধুরী সেভেন বি অ্যাসোসিয়েটস নামের তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংক সিডিএ করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ৩৬ কোটি ৮ লাখ টাকার ঋণ নেন। ঋণের টাকা পরিশোধের জন্য তিনি যমুনা ব্যাংকের চেক দেন। কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে চেকগুলো প্রত্যাখ্যান করা হয়। এই ঘটনায় পূবালী ব্যাংক সিডিএ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক এস এম ইয়াহিয়া বাদী হয়ে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে আসলাম চৌধুরীর বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের অভিযোগে চট্টগ্রাম আদালতে আটটি মামলা করেন। এসব মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ধার্য দিনে হাজির করা হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।